২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবি ভর্তি: লুকানো মোবাইলসহ আটক দুই

লুকিয়ে মোবাইল ফোন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা দিতে আসায় দুইজনকে আটক করেছে কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2013, 01:48 PM

Updated : 13 Oct 2022, 03:02 PM

শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা ‘ঘ-ইউনিটে’ পরীক্ষার মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলতি বছরের ভর্তি পরীক্ষা শুরু হয়।  

এক হাজার ৩৫৬টি আসনের বিপরীতে ৮৩ হাজার ৫১ জন শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আমজাদ আলী জানান, পরীক্ষা চলাকালে আজীমপুরের আনোয়ারা মুসলিম গার্লস স্কুল কেন্দ্র থেকে শাহীন মাহমুদ (রোল-৬২৬৭২৯) নামের একজনকে আটক করা হয়।

দ্বিতীয়জনকে আটক করা হয় উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র থেকে। তবে তার নাম জানাতে পারেননি প্রক্টর।

ক্যালকুলেটর, ঘড়িসহ ইলেক্ট্রনিক যন্ত্রপাতি নিয়ে পরীক্ষার হলে প্রবেশ নিষিদ্ধ হলেও বিভিন্ন কেন্দ্র থেকে সাতটি হাতঘড়ি আটক করেছে কর্তৃপক্ষ।

প্রক্টর জানান, আটক শাহীন মাহমুদকে বংশাল এবং অন্যজনকে রমনা থানায় সোপর্দ করা হয়েছে।

“শাহীনের ব্যাপারে আমাদের কাছে আগেই তথ্য ছিল। আজ পরীক্ষার হলে তাকে হাতেনাতে আটক করা হয়।”

প্রক্টর জানান ফুল হাতা শার্ট পড়ে তার নিচে একটি মোবাইল ফোন বেঁধে রেখেছিলেন শাহীন।

“তার পরীক্ষা ইতোমধ্যে বাতিল করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে মামলা করার প্রস্তুতি চলছে।”

আর পরীক্ষার হলে হঠাৎ ফোন বেজে ওঠায় দায়িত্বরত শিক্ষকদের হাতে আটক হন দ্বিতীয় পরীক্ষার্থী।  পরে তাকেও পুলিশে দেয়া হয়। 

প্রক্টর বলেন, জব্দ করা ঘড়িগুলোও পরীক্ষা করে দেখা হবে। সেখানে যদি ‘কোন রকম জালিয়াতির কৌশল’ থাকে, তাহলে সংশ্লিষ্ট পরীক্ষার্থীদের খাতাও বাতিল করা হবে।