২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এইচএসসিতে পুনঃনিরীক্ষায় উত্তীর্ণ ১৩৭০ শিক্ষার্থী

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল চ্যালেঞ্জ করে এক হাজার ৩৭০ জন শিক্ষার্থী নতুন করে পাস করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শহীদুল ইসলাম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2013, 10:27 PM

Updated : 23 Aug 2022, 06:52 PM

এছাড়া আটটি সাধারণ বোর্ডের সঙ্গে মাদ্রাসা ও কারিগরি বোর্ডে এবার মোট দুই হাজার ১৬৭ জন শিক্ষার্থীর ফলাফলে পরিবর্তন এসেছে।

মঙ্গলবার এইচএসসি ও সমমানের পুনঃনিরীক্ষার ফল প্রকাশ করা হয়। ১০টি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও পরীক্ষা নিয়ন্ত্রকরা রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ফলাফলের বিস্তারিত জানান।

এবার এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের পর আগের ফল চ্যালেঞ্জ করে দুই লাখ ৩৬ হাজার ৮৮৮টি উত্তরপত্র পুনঃনিরীক্ষার আবেদন পড়ে।

কারিগরি বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. নুরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কারিগরি বোর্ডে ফল চ্যালেঞ্জ করে সর্বোচ্চ এক হাজার ১১১ জন শিক্ষার্থী ফেল থেকে নতুন করে পাস করেছে।

এছাড়া ঢাকা বোর্ডের ১৪৪ জন, দিনাজপুর বোর্ডের ১১জন, সিলেটের পাঁচ জন, কুমিল্লায় ২৫ জন, রাজশাহীতে ১২ জন, যশোরে ১৭ জন, চট্টগ্রামে ২২ জন, বরিশালে ১২ জন এবং মাদ্রাসা বোর্ডের ১১ জন শিক্ষার্থী আগের ফলে অকৃতকার্ হলেও পুনঃনিরীক্ষার ফলে পাস করেছেন বলে সংশ্লিষ্ট বোর্ডের চেয়ারম্যান ও পরীক্ষা নিয়ন্ত্রকরা মঙ্গলবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।

এবার ঢাকা বোর্ডে ৫২৬ জন, দিনাজপুর বোর্ডে ৫০ জন, সিলেটে ২৩ জন, কুমিল্লায় ৭১ জন, রাজশাহীতে ৭৫ জন, যশোর ৮৭ জন, চট্টগ্রামে ৯০ জন এবং বরিশাল বোর্ডে ২০ জন শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে।

এছাড়া কারিগরি বোর্ডে এক হাজার ১৯৩ জন এবং মাদ্রসা বোর্ডে ৩২ শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে।

Image
ফাইল ছবি

ফাইল ছবি

এবছর ১০ লাখ ২ হাজার ৪৯৬ জন শিক্ষার্থী এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিয়ে ৭ লাখ ৪৪ হাজার ৮৯১ জন পাস করেন।

গত ৩ অগাস্ট এইচএসসি ও সমানের ফল প্রকাশের পর ঢাকা বোর্ডে ৮৬ হাজার ৬১৪টি, রাজশাহীতে ৩৪ হাজার ৪০টি, কুমিল্লায় ১৭ হাজার ৭৬৩টি, যশোরে ২৯ হাজার ৪০৬টি, চট্টগ্রামে ২৮ হাজার ৮টি, সিলেটে ৯ হাজার ৩৭০টি, বরিশালে ১১ হাজার ৭৫৫টি ও দিনাজপুরে ১১ হাজার ৮৫১টি উত্তরপত্র পুনঃনিরীক্ষার আবেদন পড়ে।

এছাড়া কারিগরি শিক্ষা বোর্ডে ৪ হাজার ৩০০টি এবং মাদ্রাসা বোর্ডে ৩ হাজার ৭৮১টি উত্তরপত্র পুনঃনিরীক্ষার আবেদন করেন শিক্ষার্থীরা।

রাজশাহী বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এস এম এ হুরাইরা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সাধারণত কোনো প্রশ্নের উত্তরে নম্বর না দেয়া, নম্বর দিয়েও ভুলে তা মোট নম্বরের সঙ্গে যোগ না করা এবং সব প্রশ্নের উত্তরে দেয়া নম্বর যোগ করতে গিয়ে ভুল করেন পরীক্ষকরা। এসব বিষয় পরীক্ষা করেই পুনঃনিরীক্ষার ফল দেয়া হয়েছে।

ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম ওয়াহিদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, অনেক শিক্ষার্থী উত্তরপত্র পুনঃনিরীক্ষা না করে পুনঃমূল্যায়নের দাবি করলেও এ সংক্রান্ত প্রবিধানমালা পরিবর্তন না হওয়ায় তা করা যাচ্ছে না।

পুরনো খবর:

ভুল পরীক্ষকের, ভোগান্তি শিক্ষার্থীর