২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শাবি শিক্ষার্থীদের অবরোধ স্থগিত

দুই শিক্ষার্থীর উপর হামলার বিচার চেয়ে সোমবার সকাল থেকে শুরু অবরোধ কর্মসূচি স্থগিত করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2013, 12:04 PM

Updated : 25 Apr 2022, 06:57 PM

বিকেল ৪টার দিকে শিক্ষার্থীরা অবরোধ স্থগিতের ঘোষণা দেয়।

বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ও সাংস্কৃতিক সংগঠন ‘রিম’ এর সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ তান্না বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রশাসনের আশ্বাসের ভিত্তিতে দুই দফা দাবিতে প্রধান ফটক অবরোধ কর্মসূচি স্থগিত করা হয়েছে।

সাত দিনের মধ্যে দাবি পূরণ না হলে আবারো তারা আন্দোলনে ফিরবেন বলে জানান তান্না।

রোববার রাতে বিশ্ববিদ্যালয় গোলচত্বরে ‘রিম’ এর সভাপতি ইমরান হাসান নয়ন এবং পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী নাহিদের উপর হামলা চালায় মুখোশধারীরা। তারা সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

হামলায় জড়িতদের বিচার ও ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা জোরদারের দাবি জানিয়ে প্রধান ফটক অবরোধ কর্মসূচি শুরু করে শিক্ষার্থীরা।

এ ঘটনা তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক আনোয়ারুল ইসলাম দীপু জানান, পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক শরীফ মো. শরাফ উদ্দিনকে প্রধান করে এ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে ৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

এদিকে শিক্ষার্থীদের অবরোধের কারণে সোমবার বিশ্ববিদ্যালয়ের কোনো বিভাগে ক্লাস-পরীক্ষা হয়নি।

এ ঘটনায় থানায় কোনো অভিযোগ বা মামলা করা হয়নি বলে জানান জালালাবাদ থানার ওসি মো. জামাল উদ্দিন।