দারুল ইহসানে জেনারেটরে আগুন, হুড়োহুড়ি
রাজধানীর ধানমন্ডি এলাকায় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বৈদ্যুতিক জেনারেটরে আগুন লেগে পুরো ভবনে ধোঁয়া ছড়িয়ে পড়লে হুড়োহুড়িতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন।
মঙ্গলবার বেলা ১১টার দিকে ধানমন্ডি-২ এলাকায় দারুল ইহসান ইউনিভার্সিটিতে এ ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
বিশ্ববিদ্যালয়ের কর্মচারী মোকসেদ আলী জানান, ছয় তলা ভবনটির নিচতলায় সিঁড়ি ঘরে রাখা জেনারেটরটি চালাতে গেলে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং আগুন ধরে যায়। অল্প সময়ের মধ্যে পুরো ভবনে কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে।
এ সময় আতঙ্কিত শিক্ষার্থীরা বিভিন্ন তলা থেকে হুড়োহুড়ি করে নামতে শুরু করেন। দোতলার জানালার কাচ ভেঙে কয়েকজনকে লাফিয়ে নামতেও দেখা যায়।
এতে অন্তত ১০ শিক্ষার্থী আহত হন বলে প্রত্যক্ষদর্শীরা জানান। পাশের পপুলার হাসপাতালে তাদের কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা নিলুফার ইয়াসমিন জানান, খবর পেয়ে তাদের কর্মীরা ঘটনাস্থলে যান। তবে তার আগেই বিশ্ববিদ্যালয়ের লোকজন আগুন নিভিয়ে ফেলেন।
