জবিতে ভর্তির নামে টাকা নেয়ার অভিযোগ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তি করিয়ে দেয়ার কথা বলে শিক্ষার্থীদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে।
বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের অষ্টম সেমিস্টারের ছাত্র শিমুল চৌধুরী এবং পরিসংখ্যান বিভাগের ২০০৫-২০০৬ সেশনের ছাত্র শ্যামল মোল্লার বিরুদ্ধে দুই ভর্তিচ্ছু শিক্ষার্থী এ অভিযোগ করেছেন।
অভিযোগকারীরা হলেন- মো. মেহেদি হাসান ও মো. তানভীর। ‘এ’ ইউনিটে ভর্তি পরীক্ষার মেধাতালিকায় মেহেদী ৪ হাজার ৩৯৬ তম এবং তানভীর ৭ হাজার ৭৪৪ তম অবস্থান লাভ করেন।
এদের মধ্যে তানভীর বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য শিমুলের সঙ্গে যোগাযোগ করেন। ভর্তি করিয়ে দেয়ার কথা বলে শিমুল তার কাছে পাঁচ হাজার টাকা এবং তার প্রবেশপত্র নিয়েছেন।
“আমার মেধাক্রম পিছনে থাকায় আমার কাছ থেকে নগদ পাঁচ হাজার টাকা ও প্রবেশপত্র নিয়ে যায় শিমুল ভাই। এখন ফোনে যোগাযোগ করে ওনাকে পাচ্ছি না,” বলেন তিনি।
আর ভর্তির জন্য দর্শন বিভাগের দ্বিতীয় সেমিস্টারের ছাত্র শফিউলের সঙ্গে যোগাযোগ করেন মেহেদি হাসান।
শফিউল তাকে নিয়ে যান শ্যামল মোল্লার কাছে। ভর্তি করিয়ে দেবেন বলে মেহেদিকে আশ্বাস দেন শ্যামল। এরপর তার কাছ থেকে প্রবেশপত্র নিয়ে নেন শফিউল।
এরমধ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আগামী ২৮ জানুয়ারি অপেক্ষমাণ তালিকার ৩ হাজার ৫০১ থেকে ৫ হাজার ৫০০ পর্যন্ত শিক্ষার্থীকে সাক্ষাৎকারের জন্য ডাকে।
এরপর মেহেদি প্রবেশপত্র আনার জন্য শফিউলের সঙ্গে কথা বলতে গেলে তিনি এক লাখ টাকা দাবি করেন বলে অভিযোগ করেন মেহেদি।
তিনি বলেন, “শ্যমল মোল্লা আমাকে বলেছে তিনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে অপেক্ষমাণ তালিকার ৫ হাজার ৫০০ পর্যন্ত মেধাক্রমের শিক্ষার্থীকে ডাকিয়েছেন। এখন আমাকে এক লাখ টাকা দিতে হবে, না হলে প্রবেশপত্র দেবে না।”
শনিবার সকালে প্রবেশপত্রের জন্য শ্যামলকে ফোন করলে তিনি ‘আমি তোমার প্রবেশপত্র নেই নাই। আর ক্যাম্পাসে যদি ভর্তি হতে আস তবে টাকা নিয়ে আইস, না হলে পোলাপান দিয়া পেটের ভূরি কেটে ফেলব’ হুমকি দিয়েছেন বলে অভিযোগ করেন মেহেদি।
শিমুল ও শ্যামলের বিরুদ্ধে ছাত্রলীগের পরিচয় দিয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি বাণিজ্য ও বিভিন্ন চাকরিতে নিয়োগে তদবিরের অভিযোগ রয়েছে। ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামের আস্থাভাজন হিসেবে নিজেদের পরিচয় দেন তারা।
এ বিষয়ে জানতে চাইলে ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এফ এম শরিফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি বিষয়টি সম্পর্কে জেনেছি। কিছু লোক ছাত্রলীগের নাম ভাঙিয়ে ফায়দা লুটছে।আমরা এর বিরুদ্ধে ব্যাবস্থা নেব।”
আর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম সিরাজুল ইসলাম বলেন, “আমি তাদের চিনি না। তারা আমার গ্রুপ করে না।
