ক্লাস শুরু করতে ৩ দিন সময় দিল ইবি ছাত্ররা
ইসলামী বিশ্ববিদ্যালয়ে নিয়োগকে কেন্দ্র করে অচলাবস্থার নিরসন ও ক্লাস-পরীক্ষা শুরুর দাবিতে তিন দিনের সময় বেঁধে দিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা।
ইসলামী বিশ্ববিদ্যালয়ে নিয়োগকে কেন্দ্র করে অচলাবস্থার নিরসন ও ক্লাস-পরীক্ষা শুরুর দাবিতে তিন দিনের সময় বেঁধে দিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা।
সোমবার জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেনের সঙ্গে আলোচনার পর শিক্ষার্থীরা এই ঘোষণা দেয়।
তার আগে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পদত্যাগ ও বিশ্ববিদ্যালয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার দাবিতে প্রশাসনিক ভবনে তালা দিয়ে খুলনা-কুষ্টিয়া সড়ক দুই ঘণ্টা অবরোধ করে রাখে তারা।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতিও উপাচার্য, উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষের অপসারণ দাবিতে প্রশাসনিক ভবনের সামনে প্রতীকী অনশন পালন করে।
এদিকে এই অচলাবস্থার মধ্যেই বিশ্ববিদ্যালয় প্রশাসন মঙ্গলবার থেকে ১১ দিনের জন্য বড়দিন ও শীতকালীন ছুটি ঘোষণা করেছে। তবে আন্দোলনরত শিক্ষার্থীরা সেই ছুটি প্রত্যাখান করে আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন।
বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পদে নিয়োগে অনিয়ম, দুর্নীতি, স্বজনপ্রীতি, দলীয়করণসহ নানা অভিযোগে উপাচার্য, উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষের অপসারণের দাবিতে গত ৩ অক্টোবর থেকে লাগাতার ক্লাস ও পরীক্ষা বর্জন চালিয়ে আসছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।
এরপর শিক্ষার্থীরাও বিশ্ববিদ্যালয়ের সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার দাবিতে আন্দোলনে নামে। রোববারও তারা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল, সমাবেশ, মানববন্ধন ও মহাসড়ক অবরোধ করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকাল ১১টায় প্রশাসনিক ভবনে তালা দিয়ে সমাবেশ এবং ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আক্তারুল ইসলাম জিল্লুসহ শতাধিক কর্মকর্তা-কর্মচারী এ সময় কার্যালয়ে অবরুদ্ধ হয়ে পড়েন।
শিক্ষার্থীরা পরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে খুলনা-কুষ্টিয়া সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকে। এ সময় ওই সড়কের উভয় পাশে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।
সড়কে অবস্থান চলাকালে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কর্মী বিপ্লব, জনি, রতন, আনিছসহ কয়েকজন মিলে ছাত্র ইউনিয়নের বিশ্ববিদ্যালয় সভাপতি রকিব মোহাম্মাদ হাসানকে মারধর করে বলে অভিযোগ করেন আন্দোলনকারীরা।
তবে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন মারধরের কথা অস্বীকার করেছেন।
আন্দোলন চলাকালে বেলা ১টার দিকে কুষ্টিয়া জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন ঘটনাস্থলে উপস্থিত হয়ে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে তিন দিনের মধ্যে ক্লাস-পরীক্ষা চালুর আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় শিক্ষার্থীরা।
পরে জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন সাংবাদিকদের বলেন, বিষয়টি নিয়ে শিক্ষা সচিবের সঙ্গে কথা হয়েছে। সরকারের উচ্চ মহল এ ব্যাপারে অবগত।
“শিক্ষার্থীদের কাছ থেকে তিন দিনের সময় নেয়া হয়েছে। আশা করি এর মধ্যেই সমস্যার সমাধান হবে।”
ঘটনাস্থলে আসার আগেই বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলেছেন বলে জেলা প্রশাসক জানান।
ক্লাস-পরীক্ষা চালুর দাবিতে আন্দোলনরত ‘সাধারণ ছাত্র সমাজ’ এর আহ্বায়ক ইংরেজি চতুর্থ বর্ষের ছাত্র মোহাম্মদ সেলিম বলেন, তিন দিনের মধ্যে সমস্যার সমাধান না হলে শীতকালীন ছুটির মধ্যেই শিক্ষার্থীরা আবার আন্দোলনে নামবে।
তখন আরো কঠোর কর্মসূচি দেয়া হবে। শীতকালীন ছুটি শিক্ষার্থীরা ‘প্রত্যাখান করেছে’ বলেও দাবি করেন এই ছাত্রনেতা।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আক্তারুল ইসলাম জিল্লু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সরকারের উচ্চমহলের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধানের চেষ্টা করা হচ্ছে। আপাতত পরিস্থিতি শান্ত।
ইসলামী বিশ্ববিদ্যালয়ে মঙ্গলবার থেকে ১১ দিনের জন্য বড়দিন ও শীতকালীন ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
সোমবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৫ ডিসেম্বর থেকে ৬ জানুয়ারি পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ধরনের ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে। ৭ জানুয়ারি ক্লাস ও পরীক্ষা পুনরায় শুরু হবে।
তবে বড়দিন ও শীতকালীন ছুটি শেষে প্রশাসনিক অফিস খুলবে আগামী ২ জানুয়ারি।
