২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিত

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০১২-১৩ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2012, 12:31 PM

Updated : 25 Apr 2022, 09:55 PM

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০১২-১৩ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়েছে।

রোববার বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।

উপাচার্য, উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষের পদত্যাগ দাবিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি সব ধরনের শিক্ষা কার্যক্রম বর্জনের কর্মসূচি দেওয়ার পরদিন পরীক্ষা স্থগিতের এই ঘোষণা এল।

১৭ নভেম্বর থেকে ২১ নভেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এম আলাউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভর্তি পরীক্ষার পরিবর্তিত সময়সূচি পরে জানানো হবে এবং পরীক্ষার দিনক্ষণ চূড়ান্ত হওয়ার পরেই ভর্তিচ্ছুদের প্রবেশপত্র দেয়া হবে।

বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে ‘অনিবার্য কারণে’ ভর্তি পরীক্ষা স্থগিতের কথা বলা হয়েছে।

তবে শনিবার বেলা ১১টার দিকে শিক্ষক সমিতির এক জরুরি বৈঠকে সব ধরনের শিক্ষা কার্যক্রম বর্জন করার সিদ্ধান্ত নেয়া হয়েছিল।

বৈঠক শেষে সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক আ ছ ম তরিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ওই শিক্ষকরা পদত্যাগ না করা পর্যন্ত সব ধরনের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম (ক্লাস-পরীক্ষা, ভর্তি পরীক্ষা, সান্ধ্যকালীন কার্যক্রম, মাদ্রাসার ফাজিল-কামিল পরীক্ষা, যে কোনো ধরনের নিয়োগ ও তদন্ত) বর্জন করার সিদ্ধান্ত হয়েছে।