ঢাকা, সেপ্টম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাজধানীর তেজগাঁও পলিটেকনিক ইনস্টিটিউটের আব্দুল লতিফ ছাত্রাবাসে বুধবার সন্ধ্যায় ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে আহত হয় অন্তত ১০জন।
এ সময় ছাত্রাবাসের কয়েকটি কক্ষ ভাঙচুর এবং দু’টি মোটর সাইকেল পুড়িয়ে দেওয়া হয়।
ঘটনার পরপরই ছাত্রাবাসসহ আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ছাত্রলীগের সাবেক নেতা জয় শহিনের নেতৃত্বে একটি গ্রুপ ছাত্রাবাস দখলের জন্য হামলা চালায়। এসময় ছাত্রলীগ নেতা জাকির মাসুম সমর্থিত গ্রুপ বাধা দিলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের সূত্রপাত ঘটে।
প্রায় আধঘন্টা ধরে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া চলে।
শিল্পাঞ্চল থানার ওসি ফারুক আহমেদ বিডিনিউ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জয়-শহিনের নেতৃত্বে কয়েকজন লতিফ ছাত্রবাসে অতর্কিত হামলা চালায়। তারা বেশ কয়েকটি কক্ষ ভাঙচুর করে। দুইটি মোটর সাইকেলে অগ্নি সংযোগও করা হয়।
ওসি আরো বলেন, হামলাকারীদের সঙ্গে ছাত্রদলের কয়েকজন ছিলো। তবে ছাত্রলীগের জাকির-মাসুম গ্রুপের সঙ্গে তাদের কোনো সংঘর্ষ হয়নি।
আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি এখন স্বাভাবিক আছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এইচএ/২১১৪ ঘ.
bdnews24