ঢাকা, সেপ্টেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উপাচার্য ও উপ উপাচার্যের কার্যালয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগে বুয়েট কর্তৃপক্ষের করা মামলা প্রত্যাহারের আশ্বাস পেয়েছেন বলে দাবি করেছেন আন্দোলনরত শিক্ষকরা।
বিশ্ববিদ্যালয়ের শিল্প ও উৎপাদন প্রকৌশল বিভাগের অধ্যাপক একেএন মাসুম সোমবার বিকালে সাংবাদিকদের বলেন, “শিক্ষাসচিবের সঙ্গে বুয়েট শিক্ষকদের কয়েক জন প্রতিনিধির কথা হয়েছে। তিনি মামলার বিষয়টি নিস্পত্তির আশ্বাস দিয়েছেন এবং কোনো ছাত্র-শিক্ষককে হয়রানি করা হবে না বলে জানিয়েছেন।”
এ বিষয়ে জানতে চাইলে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বুয়েটের সার্বিক বিষয়ের সমাধানের জন্য আমরা কয়েকদিন ধরে আপ্রাণ চেষ্টা করছি। আশা করি শিগগিরই সমাধান হবে।”
ছাত্র-শিক্ষকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার করা হবে কি না জানতে চাইলে তিনি বলেন, “সার্বিক সমস্যার সমাধান করতে গেলে মামলার বিষয়টিও বাদ যাবে না।”
শিক্ষা সচিব কামাল আবদুল নাসের চৌধুরী এ বিষয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বুয়েট প্রশাসন ও শিক্ষক সমিতির সঙ্গে আমরা আলোচনা চালিয়ে যাচ্ছি। আশা করি, শিগগিরই সমাধানের পৌঁছাব।”
শিক্ষাসচিবের ‘আশ্বাসের’ প্রেক্ষিতে বিকাল ৩টায় দিনের আন্দোলন-কর্মসূচি স্থগিত করে শিক্ষার্থীরা।
এর আগে তারা উপাচার্য অধ্যাপক এস এম নজরুল ইসলামের কার্যালয়ের সিঁড়িতে নিজেদের শরীরের রক্ত ঢেলে প্রতিবাদ কর্মসূচি পালন করে এবং পলাশী মোড়ে প্রতিবাদী চিত্র আঁকে।
বেলা সোয়া ১২টায় বিশ্ববিদ্যালয়ের পুর কৌশল ভবনের সামনে সমবেত হয়ে শিক্ষার্থীরা সিরিঞ্জ দিয়ে নিজেদের শরীর থেকে রক্ত বের করে। এরপর এই রক্তসহ তারা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে।
মিছিল শেষে বেলা সোয়া ১টার দিকে শিক্ষার্থীরা উপাচার্যের কার্যালয়ের সামনের সিঁড়িতে সেই রক্ত ঢেলে দেয়। সেখানে কিছুক্ষণ বিক্ষোভও করে তারা।
শিক্ষার্থীরা এ কর্মসূচির নাম দেয় ‘স্বেচ্ছায় রক্তপাত’। কয়েকজন শিক্ষকও ‘ব্যক্তিগতভাবে’ নিজেদের রক্ত দিয়ে এই কর্মসূচিতে শরিক হন।
এরপর বেলা দেড়টার দিকে প্রায় হাজারখানেক শিক্ষার্থী পলাশী মোড়ে অবস্থান নেয়। এতে পলাশী মোড় হয়ে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়।
কর্মসূচি শুরুর আগে এক সংবাদ সম্মেলনে আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষে কেমিকেল প্রকৌশল বিভাগের শিক্ষার্থী আহসানুল কবির সুমন বলেন, “আমরা শান্তিপূর্ণ আন্দোলন করলেও এখনো উপাচার্যের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি।”
“আমরা জানতে পেরেছি খুলনা বিশ্ববিদ্যালয়ে রক্তপাতের পর সেখান থেকে তিনি (উপাচার্য) সরে এসেছিলেন। আপনি কি আমাদেরও রক্ত চান? আমাদের রক্ত চাইলে আপনার ক্যাডার বাহিনী পাঠানোর দরকার নেই। আমরা নিজেদের শরীর থেকে রক্ত দিচ্ছি- আপনি বুয়েট ছেড়ে চলে যান।”
বুয়েট উপাচার্যের কক্ষে হামলা, ভাংচুর ও চুরির অভিযোগ এনে আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীদের বিরুদ্ধে করা মামলাও প্রত্যাহারের দাবি জানান সুমন।
তিনি বলেন, “আন্দোলন বন্ধ করতে ষড়যন্ত্রমূলক ওই মামলা করা হয়েছে। অবিলম্বে এই মামলা প্রত্যাহার করতে হবে।”
রোববার রাতে শাহবাগ থানায় বুয়েট কর্তৃপক্ষের করা দুই মামলায় মোট ৪৯ জন শিক্ষক-ছাত্রের নাম উল্লেখ করে প্রায় একশ জনকে আসামি করা হয়েছে।
এদিকে মামলা হওয়ার পর একদল পুলিশ রাতেই ক্যাম্পসে গিয়ে আন্দোলনকারীদের কিছু সময় ঘিরে রাখে। এ সময় শিক্ষার্থীদের মাঝে কিছুটা উত্তেজনার সৃষ্টি হয়। এখনো সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি, রোববার বহিরাগত ছাত্রলীগ কর্মীরা উপাচার্যের দরজায় লাথি মারে এবং আন্দোলনকারীদের ওপর চড়াও হয়। এর জন্য শিক্ষার্থীরা দায়ী নয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসআই/এএইচ/এমআই/জেকে/১৬৩৫ ঘ.
bdnews24