শাহজালাল বিশ্ববিদ্যালয়, সেপ্টেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিাফোর ডটকম)- বিভাগীয় প্রধানের অপসারণ দাবিতে সোমবার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে তালা দিয়ে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিভাগের চতুর্থ বর্ষের দ্বিতীয় সেমিস্টারের ক্লাস শুরু না হওয়া এবং দেড় বছরেও মাস্টার্স পরীক্ষার ফলাফল প্রকাশ না হওয়ার প্রতিবাদে সকাল ৮টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত বিভাগের সকল ক্লাসরুম ও বিভাগীয় প্রধানের কক্ষে তালা লাগিয়ে অবস্থান ধর্মঘট করে শিক্ষার্থীরা।
এ সময় শিক্ষার্থীরা ৭২ ঘণ্টার মধ্যে বিভাগীয় প্রধানের অপসারণ দাবি করেন। এদিন বিভাগে ক্লাস-পরীক্ষা অনুষ্ঠিত হয়নি।
পরে দুপুর আড়াইটায় বিশ্ববিদ্যালয় প্রক্টর ও ছাত্রকল্যাণ উপদেষ্টা ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের বুঝিয়ে তালা খোলার ব্যবস্থা করেন।
এরপর শিক্ষার্থীরা উপাচার্যের সঙ্গে বৈঠক করেন। উপাচার্য বিষয়টি দেখার জন্য শিক্ষার্থদের কাছে সময় চান।
উপাচার্য অধ্যাপক মো. সালেহ উদ্দিন বলেন, “শিক্ষার্থীদের অভিযোগ খতিয়ে দেখতে সময়ের প্রয়োজন । আশা করি, অল্পদিনের মধ্যেই বিষয়টির সুষ্ঠু সমাধান হয়ে যাবে।”
এ বিষয়ে ইংরেজি বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক মো. আতিউল্লাহ বলেন, “শিক্ষার্থীরা কেন আন্দোলনে নেমেছে তা আমার জানা নেই।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/২০২৯ ঘ.
bdnews24