২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্র নিহতের ঘটনায় শাহবাগ অবরুদ্ধ

সড়ক দুর্ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের মৃত্যুর ঘটনায় আন্ডারপাস বা ফুট ওভারব্রিজ নির্মাণসগ পাঁচ দফা দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে রেখেছে শিক্ষার্থীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2012, 07:47 AM

Updated : 24 Aug 2022, 12:02 PM

ঢাকা, সেপ্টেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সড়ক দুর্ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের মৃত্যুর ঘটনায় আন্ডারপাস বা ফুট ওভারব্রিজ নির্মাণসগ পাঁচ দফা দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে রেখেছে শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আমজাদ আলী শিক্ষার্থীদের সরে যেতে অনুরোধ করলেও তারা বলছে, দাবি পূরণের প্রতিশ্রুতি না পাওয়া পর্যন্ত তারা অবরোধ তুলবে না। এদিকে বেলা পৌনে ১২টা থেকে শাহবাগ মোড় সংলগ্ন সড়কগুলোতে যান চলাচল বন্ধ থাকায় সৃষ্টি হয়েছে ব্যাপক যানজট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক (আইআর) বিভাগের ছাত্র তৌহিদুজ্জামান গত ২৮ অগাস্ট শাহবাগ মোড়ে বাসচাপায় নিহত হন। ওই দিনই ছাত্ররা বেশকিছু গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগ করে। এরপর শনিবার বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার সামনে মানববন্ধন করে পাঁচ দফা দাবিতে গণস্বাক্ষর সংগ্রহ অভিযান চালায় আন্দোলনরত শিক্ষার্থীরা। তাদের পাঁচ দফা দাবিগুলো হলো- দুর্ঘটনার জন্য দায়ী বাসচালকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা, বাস কর্তৃপক্ষের কাছ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া, বিশ্ববিদ্যালয়ের শাহবাগ ও নিউমার্কেট মোড়ে আন্ডারপাস এবং দোয়েল চত্বর ও পলাশী মোড়সহ অন্যান্য মোড়ে ফুটওভার ব্রিজ নির্মাণ, বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে স্টিকারবিহীন গাড়ি চলাচলে কঠোর নিষেধাজ্ঞা আরোপ এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়ার ব্যবস্থা করা। এসব দাবিতে শিক্ষার্থীরা সকাল সাড়ে ১০টার দিকে কলা ভবনের সামনে জড়ো হতে থাকেন। পরে তারা মিছিল করে শাহবাগ মোড়ে যান এবং সেখানে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। ফলে বেলা পৌনে ১২টার দিকে শাহবাগড় মোড় হয়ে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। বেলা ১টার দিকে প্রক্টর অধ্যাপক আমজাদ আলী শাহবাগ মোড়ে গিয়ে শিক্ষার্থীদের অবরোধ তুলে নেওয়ার অনুরোধ করলেও তারা জানায়, সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে দাবি পূরণের আশ্বাস না পাওয়া পর্যন্ত তাদের অবস্থান কর্মসূচি চলবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/১৩৪০ ঘ.