২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্যালয়ে হাঁটুর উপর দাঁড় করানোয় ৬ শিশু অসুস্থ

পড়া না পারার কারণে ক্লাশে হাঁটুর উপর দাঁড় করিয়ে রাখায় কুড়িগ্রামে ছয় শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2012, 04:56 PM

Updated : 24 Aug 2022, 12:02 PM

কুড়িগ্রাম, সেপ্টেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পড়া না পারার কারণে ক্লাশে হাঁটুর উপর দাঁড় করিয়ে রাখায় কুড়িগ্রামে ছয় শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। শনিবার দুপুর ১টার দিকে রৌমারী উপজেলার কুটির চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনাটি ঘটে। অসুস্থরা হল শরিফা খাতুন, মনোয়ারা খাতুন, আয়শা খাতুন, রাজু মিয়া, নয়ন মিয়া ও বাবুল ইসলাম। এরা সবাই তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। শরিফা খাতুনকে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। বাকিরা মাথায় পানি ঢালার পর সুস্থ হয়। এ খবর ছড়িয়ে পড়লে অভিভাবকসহ গ্রামবাসী বিক্ষোভ মিছিল করে রৌমারী সদরে যান। পরে তারা এ ঘটনার জন্য দায়ী ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান মিয়ার শাস্তি দাবি করে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দেন। শরিফা খাতুন সাংবাদিকদের বলে, হেড স্যার তাদের বেঞ্চর উপর হাঁটুতে দাঁড় করিয়েছিলেন। অনেক্ষণ এভাবে থাকার পর সে বেঞ্চ থেকে পড়ে যায়। তারপর আর কিছু খেযাল নেই। স্কুলের ব্যবস্থাপনা কমিটির সদস্য আব্দুস ছাত্তার বলেন, আমরা শুনেছি- পড়া দিতে না পারায় স্কুলের প্রধান শিক্ষক শাহজাহান মিয়া ছয় শিশুকে উঁচু বেঞ্চে হাঁটুর উপর দাঁড় করিয়ে রাখেন। প্রায় একঘণ্টার মতো এভাবে থাকার ফলে শিশুরা জ্ঞান হারিয়ে বেঞ্চ থেকে পড়ে যায়। এদের মধ্যে মনোয়ারা খাতুন, আয়শা খাতুন জ্ঞান হারিয়ে ফেলে এবং শরিফা খাতুনের শরীরের কয়েকস্থান ফেটে যায়। শরিফা খাতুনের বাবা সোহরাব হোসেনের অভিযোগ, “আমরা সন্তানদের স্কুলে পাঠাই লেখাপড়া শেখার জন্য। মারার জন্য নয়। পড়া হয়নি, শিক্ষকরা শিখিয়ে দেবেন। এভাবে কষ্ট দেবেন কেন?” প্রধান শিক্ষক শাহজাহান মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আপনারা যতটা বলছেন ততটা না। পড়া না হওয়ায় তাদেরকে শারীরিক শাস্তির পরিবর্তে বেঞ্চে দাঁড় করানো হয়েছিল মাত্র। শরিফা বেঞ্চ থেকে পড়ে আহত হয়েছে। অন্যদের কিছুই হয়নি।” রৌমারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা লুৎফর রহমান বলেন, “অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।” উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল হান্নান বলেন, “শিক্ষা কর্মকর্তাকে দ্রুত তদন্ত করে ব্যবস্থা নিতে বলা হয়েছে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৪০ ঘ.