২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাসচাপায় নিহত ঢাবি ছাত্রের দাফন সম্পন্ন

রাজধানীর শাহবাগ মোড়ে বাসচাপায় নিহত ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র তৌহিদুজ্জামানের দাফন সম্পন্ন হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2012, 11:43 AM

Updated : 24 Aug 2022, 12:01 PM

কিশোরগঞ্জ, অগাস্ট ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর শাহবাগ মোড়ে বাসচাপায় নিহত ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র তৌহিদুজ্জামানের দাফন সম্পন্ন হয়েছে। বুধবার বাদ জোহর কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার নেয়ামতপুর আসাদুল হক মাদ্রাসা প্রাঙ্গণে জানাজা শেষে স্থানীয় ঈদগাহ কবরস্থানে তার লাশ দাফন করা হয়। মঙ্গলবার বিকালে শাহবাগে রাস্তা পার হওয়ার সময় রাজধানী এক্সপ্রেসের একটি বাসের নিচে পড়ে আহত হয় ঢাবির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী তৌহিদুজ্জামান। রাতে হাসপাতালে তার মৃত্যু হয়। এতে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা শাহবাগ, রূপসী বাংলা হোটেলের সামনে ও নিউ মার্কেট এলাকায় ৪০টিরও বেশি বাস ও গাড়ি ভাংচুর কওে ও কয়েকটি বাসে আগুন ধরিয়ে দেয়। মঙ্গলবার গভীর রাতে তার লাশ তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার নিয়ামতপুর ইউনিয়নের বয়রা গ্রামে পৌছায়। ছেলে হারিয়ে মা নাছিমা আক্তার বিছানায় শয্যাশায়ী। শোকে পাথর তার কৃষক বাবা আমিনুল ইসলাম বাচ্চু মিয়া। তিন ভাই ও এক বোনের মধ্যে সবার ছোট ছিল সে। তার অন্য দুই ভাই গ্রামেই থাকেন। সে ঢাকা বিশ্ববিদ্যায়ে ভর্তির পর তার মা-বাবার স্বপ্ন দেখতো ‘জামান একদিন অনেক বড় হবে।’ বুধবার সকাল থেকেই তার বন্ধু সহপাঠী, স্বজনসহ আশপাশের এলাকার শতশত মানুষ তৌহিদুজ্জামানের লাশ দেখতে আসে। নেয়ামতপুর হাইস্কুলের প্রধান শিক্ষক নজরুল ইসলাম বলেন, “তাকে নিয়ে আমাদের অনেক বড় স্বপ্ন ছিল।” “আমাদের স্কুল থেকে প্রথম জিপিএ ৫ পাওয়া ছাত্র হিসেবে সে আমাদের মুখ উজ্জ্বল করেছে। এই ক্ষতি পূরণ হবার নয়।” তার সহপাঠী আব্দুর রাজ্জাক বলেন. “জামান ছুটিতে গ্রামে এলে আমরা একসঙ্গেই আড্ডা দিতাম ও মাছ ধরতাম।” “এবার ঈদের ছুটির পর তাকে বিদায় দিতে খুব খারাপ লেগেছিল।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৭৪০ ঘ.