চট্টগ্রাম, অগাস্ট ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাটল ট্রেন চালকদের নিরাপত্তা দেওয়ার আশ্বাস দিয়েছে বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ।
এদিকে, নতুন বগি এলে শাটল ট্রেনে তা যুক্ত করার আশ্বাসও দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।
রোববার রেলওয়ে পূর্বাঞ্চল ও চবি কর্তৃপক্ষের মধ্যে অনুষ্ঠিত এক সভায় দুই পক্ষই এসব প্রতিশ্রুতি দেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন চবি’র নিবন্ধক ড. মোহাম্মদ সফিউল আলম।
পূর্ব রেলের ব্যবস্থাপক সুকুমার ভৌমিক জানান, গত ৫ অগাস্ট লোকো মাস্টারকে অপহরণের ঘটনার পরিপ্রেক্ষিতে এই বৈঠক হয়। গত ৫ অগাস্ট শাটল ট্রেনের এক চালককে অপহরণ ও অন্য এক চালকের ওপর হামলার ঘটনা ঘটে।
সুকুমার ভৌমিক বলেন, “হামলা ও অপহরণের পর লোকো মাস্টাররা আতঙ্কে আছে। বিশ্ববিদ্যালয় খোলার পর ট্রেন চলাচল যাতে নির্বিঘেœ হতে পারে তা বৈঠকে আলোচনা করা হয়।”
নতুন বগি সংযোজনের বিষয়ে তিনি বলেন, “পরিস্থিতি অনুকূলে থাকলে নতুন কোচ আসার পর এটা করা হবে, এটা মন্ত্রীর নির্দেশ।”
সভায় বিশ্ববিদ্যালয়ের পক্ষে নিবন্ধক ছাড়াও ছিলেন প্রক্টর অধ্যাপক সিরাজ উদ-দৌলাহ ও কলা অনুষদের ডিন ড. ইমরান হোসেন।
রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) তাফাজ্জল হোসেনের সভাপতিত্বে এতে অংশ নেন চিফ ম্যাকানিক্যাল ইঞ্জিনিয়ার আখতারুজ্জামান হায়দার, চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট বেলাল উদ্দিন, সুকুমার ভৌমিক প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইউএস/এমআই/২২৪৪ ঘ.
bdnews24