২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মেডিকেলে ভর্তিচ্ছুরা ফের আন্দোলনে

সোমবার সকাল থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ এবং প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়ার কর্মসূচি ঘোষণা করেছেন শিক্ষার্থীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2012, 09:31 AM

Updated : 24 Aug 2022, 11:59 AM

ঢাকা, অগাস্ট ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মেডিকেলের ভর্তি পদ্ধতি পরিবর্তনের প্রতিবাদে সোমবার থেকে আবারো আন্দোলনে যাচ্ছেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। ‘মেডিকেল ভর্তিচ্ছু শিক্ষার্থী মঞ্চ’ ব্যানারে রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে সংবাদ সম্মেলন করে শিক্ষার্থীরা জানান, সোমবার সকাল ৯টা থেকে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে অবস্থান নিয়ে ‘শান্তিপূর্ণ’ সমাবেশ করবেন তারা। এছাড়া সকাল ১১টা থেকে ‘সুশীল সমাবেশ’ হবে বলে জানান আন্দোলনকারীদের প্রতিনিধি ফারজানা আফরিন। শিক্ষার্থীদের এ কর্মসূচিতে বিভিন্ন মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয় ও স্কুল-কলেজের শিক্ষার্থীরাও একাত্মতা প্রকাশ করেছে দাবি করে তিনি বলেন, সোমবার দুপুরে প্রধানমন্ত্রীর দপ্তরে স্মারকলিপি দেওয়া হবে। “সোমবারের মধ্যে কোনো ঘোষণা না এলে ২৮ অগাস্ট থেকে কঠোর আন্দোলনে যেতে বাধ্য হব আমরা।” এতোদিন মেডিকেল ও ডেন্টালে ভর্তিতে পরীক্ষা হলেও স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে জানান, এবার থেকে আর ভর্তি পরীক্ষা নেওয়া হবে না, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের জিপিএর ভিত্তিতেই এমবিবিএস ও বিডিএস কোর্সে শিক্ষার্থী ভর্তি করা হবে। সরকারের এ সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে ঢাকার পাশাপাশি চট্টগ্রাম, দিনাজপুর, সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। তারা ১৩ ও ১৪ অগাস্ট টানা দুই দিন কেন্দ্রীয় শহীদ মিনার, জাতীয় প্রেসক্লাব ও শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে দিনভর বিক্ষোভ দেখালে রাজধানীজুড়ে তৈরি হয় যানজট। এক অভিভাবকের রিট আবেদনের প্রেক্ষিতে হাই কোর্ট ১৪ অগাস্ট মেডিকেলে ভর্তি নিয়ে একটি রুল জারি করে। জিপিএর ভিত্তিতে ভর্তি কেন অবৈধ ঘোষণা করা হবে না- তা জানতে চাওয়া হয় ওই রুলে। ওইদিন সন্ধ্যা পর্যন্ত কর্মসূচি চালানোর পর শিক্ষার্থীরা জানায়, ঈদের ছুটির কারণে আপাতত আন্দোলন স্থগিত করছে তারা। তবে সরকারের পক্ষ থেকে ‘ইতিবাচক’ কোনো পদক্ষেপ নেওয়া না হলে ২৭ অগাস্ট তারা নতুন কর্মসূচি দেবেন। স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক ইতোমধ্যে বলেছেন, ভর্তি পদ্ধতি নিয়ে শিক্ষার্থীদের এই বিক্ষোভে ‘কোচিং সেন্টারগুলোর ইন্ধন’ রয়েছে। রোববারের সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা মেডিকেলসহ সব ধরনের কোচিং সেন্টার বন্ধের দাবি জানান এবং মেডিকেলে ভর্তি পরীক্ষা বাতিলের সিদ্ধান্তের বিপক্ষে বিভিন্ন যুক্তি তুলে ধরেন। এই আন্দোলনে কারো ইন্ধন বা সংশ্লিষ্টতা নেই বলেও সংবাদ সম্মেলনে দাবি করে মেডিকেলে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। অন্যদের মধ্যে ভর্তিচ্ছু শিক্ষার্থী অনন্যা বণিক, সাইফুল ইসলাম, তনয় সরকার, নাজমুল হক সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/জেকে/১৫২৩ ঘ.