২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ড্যাব নেতাকে অপহরণ চেষ্টার অভিযোগ

অর্থোপেডিক সার্জন ও বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মোফাখখারুল ইসলাম রানাকে অপহরণের চেষ্টা হয়েছে বলে অভিযোগ করেছে বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2012, 09:33 AM

Updated : 24 Aug 2022, 11:56 AM

ঢাকা, অগাস্ট ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অর্থোপেডিক সার্জন ও বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মোফাখখারুল ইসলাম রানাকে অপহরণের চেষ্টা হয়েছে বলে অভিযোগ করেছে বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)। মোফাখখারুল ইসলাম বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় ড্যাবের সাংগঠনিক সম্পাদক। সোমবার সকালে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে ড্যাব মহাসচিব অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন বলেন, “আমরা আমাদের সহকর্মী চিকিৎসক রানাকে অপহরণের অপচেষ্টায় উদ্বিগ্ন। সরকারের কাছে দাবি জানাচ্ছি, এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের অবিলম্বে গ্রেপ্তার করুন।” লিখিত বক্তব্যে এ জেড এম জাহিদ বলেন, গত শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় মিরপুর ১০ নং ডিজিল্যাবের চেম্বারে রোগী দেখার সময় কয়েকজন লোক এসে চিকিৎসা সহকারীর কাছে রানার ব্যক্তিগত টেলিফোন নম্বর ও বাসার ঠিকানা জানতে চায়। সেদিন রাত সাড়ে ১০টায় একটি মাইক্রোবাসে করে তারা আবারো আসে এবং রানার গাড়ি চালক ও সহকারীকে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করে। তবে এক পর্যায়ে উপস্থিত রোগীদের প্রতিরোধে মুখে তারা পালিয়ে যায়। মোফাখখারুল ইসলাম রানা সংবাদ সম্মেলনে বলেন, “এ ব্যাপারে আমি পল্লবী থানা সাধারণ ডায়েরি করেছি। আমি নিরাপত্তাহীনতায় ভুগছি।” তিনি জানান, সোমবার সকালে তাকে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) দপ্তরে নিয়ে ঘটনার বিবরণ জানতে চাওয়া হয়। সংবাদ সম্মেলনে ড্যাব সভাপতি অধ্যাপক এ কে এম আজিজুল হক, বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য অধ্যাপক আবদুল মান্নান মিয়া, ডা. রফিক আল কবির, ডা. এস এম রফিকুল ইসলাম, ডা. এম এ কুদ্দুস, ডা. আবদুস সালাম প্রমুখ উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসইউ/১৫১৮ ঘ.