গাজীপুর, জুলাই ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) ক্যাম্পাস এলাকা সম্প্রসারণের দাবিতে প্রায় এক ঘন্টা রেলপথ অবরোধ করেছে শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টা থেকে গাজীপুরে ভুরুলিয়া রেলক্রসিং এলাকায় ঢাকা-রাজশাহী রুটে অবরোধ করে তারা।
এতে রাজশাহী থেকে আসা ঢাকাগামী সিল্কসিটি ট্রেনটি নির্ধারিত সময়ে জয়দেবপুর জংশনে পৌঁছতে পারেনি এবং রেলক্রসিংয়ের দু’পাশে ঢাকা-শিমুলতলী সড়কে কয়েশ’ যানবাহন আটকা পড়ে।
ডুয়েটের ক্যাম্পাস সম্প্রসারণের জন্য জমি অধিগ্রহণের দাবিতে ক্লাস ও পরীক্ষা বর্জন করে গত ১৬ মে থেকে আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা।
জয়দেবপুর থানার ওসি কামরুজ্জামান জানান, ডুয়েট শিক্ষার্থীরা দুপুর সাড়ে ১২টা থেকে সদর উপজেলার ভুরুলিয়া রেলক্রসিং এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে।
অবরোধকালে রেললাইনের উপর লাকড়ি জড়ো করে অগ্নিসংযোগও করে তারা।
ফলে ঢাকাগামী সিল্কসিটি ট্রেনটি ঘটনাস্থল থেকে প্রায় আধা কিলোমিটার দূরে থামিয়ে রাখে ট্রেনটির চালক।
পরে পুলিশ গিয়ে ছাত্রদের বুঝিয়ে রেলক্রসিং এলাকা থেকে সরিয়ে দিলে দুপুর সোয়া একটার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়।
ডুয়েট ছাত্র সংগ্রাম পরিষদের আহবায়ক আব্দুল্লাহ আল মাসুম বলেন, “দাবি আদায় না হওয়া পর্যন্ত শিক্ষার্থীদের এ আন্দোলন চলবে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৫১৭ঘ.
bdnews24