২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পরীক্ষা কেন্দ্রের বাইরে লেখার সময় গ্রেপ্তার

শেরপুরে কেন্দ্রের বাইরে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এসএসসি পরীক্ষার উত্তরপত্রে লেখার অভিযোগে এক দম্পতি পরীক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2012, 05:26 PM

Updated : 24 Aug 2022, 11:41 AM

শেরপুর, জুরাই ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেরপুরে কেন্দ্রের বাইরে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এসএসসি পরীক্ষার উত্তরপত্রে লেখার অভিযোগে এক দম্পতি পরীক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার বিকালে শ্রীবরদী পাইলট উচ্চ বিদ্যালয় এলাকায় একটি হোটেল থেকে গ্রেপ্তার হন মো. ফরিদুজ্জামান এবং তার স্ত্রী নাহিদ সুলতানা। শ্রীবরদীর তাতিহাটি গ্রামের এই দম্পতি শ্রীবরদী পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে এসএসসি পরীক্ষা দিচ্ছিলেন। তারা ওই বিদ্যালয়ের বাউবি স্ট্যাডি সেন্টারের শিক্ষার্থী। শ্রীবরদী থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, বাউবি’র এসএসসি অর্থনীতি বিষয়ে পরীক্ষা শেষে ওই দুই পরীক্ষার্থী বিশেষ কৌশলে অতিরিক্ত উত্তরপত্রের খাতা দু’টি বের করে এনে হোটেলে বসে উত্তর লিখছিলেন। লেখা শুরুর পর গোপন সংবাদ পেয়ে শ্রীবরদী থানা পুলিশ উত্তরপত্র, প্রশ্ন ও নকলসহ তাদের গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। গত ২৯ জুন শুক্রবার শেরপুর সরকারি ভিক্টোরিয়া একাডেমির এক পরীক্ষার্থী বাংলা প্রথম পত্রের প্রশ্ন ও উত্তরপত্র বাসায় নিয়ে ছোট বোনের মাধ্যমে লিখে পরীক্ষার কেন্দ্রে জমা দেওয়ার সময় ধরা পড়েন। এ ঘটনায় ওই পরীক্ষা কেন্দ্রের সচিব, ওই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, পরীক্ষার্থীনি, তার স্বামী ও ছোটবোন জেলা কারাগারে আটক রয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩২০ ঘ.