বগুড়া, মে ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটে ছাত্র-পুলিশ সংঘর্ষের ঘটনায় আটক ১৬ ছাত্রসহ অজ্ঞাত ৮-৯ শ’ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।
বৃহস্পতিবার গভীর রাতে বগুড়া সদর থানায় মামলাটি করা হয়।
বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক মাহমুদুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৃহস্পতিবারের ঘটনায় উপ-পরিদর্শক হারুন অর রশীদ বাদী হয়ে মামলাটি করেছেন।
তিনি বলেন, আটক ১৬ ছাত্রকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
এরা হলেন বিপ্লব হোসেন, মাসুদুর রহমান, রাজু আহম্মেদ, মনির হোসেন, কামরুল হাসান, মাহবুবুর রহমান, মামুন কবির, শিবলুল হাসান শিমুল, ওয়াহেদ আলী, গোলাম রব্বানী, আকরাম হোসেন, নাজমুল হুদা, আলামীন হোসেন, আব্দুল লতিফ, সোহেল রানা ও মনিরুল ইসলাম।
এদের বিরুদ্ধে সরকারি কাজে বাধা দেওয়া, সরকারি সম্পদ ভাংচুর, রাস্তা অবরোধ ও পুলিশের উপর হামলার অভিযোগ আনা হয়েছে।
বৃহস্পতিবার সকালে পলিটেকনিক ইনিস্টিটিউটের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে শেরপুর-বগুড়া মহাসড়ক অবরোধ করে। পরে তারা যানবাহন, দোকান, ঘরবাড়ি ও পুলিশ লাইনে ভাঙচুর চালায়।
পুলিশের সঙ্গে বেলা দেড়টা পর্যন্ত কয়েক দফায় তাদের সংঘর্ষ চলে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৪১ ঘ.
bdnews24