২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ডুয়েটে ক্লাস-পরীক্ষা বর্জন সোমবার

ক্যাম্পাসের জমি বাড়ানোর দাবিতে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) শিক্ষার্থীরা সোমবার থেকে ক্লাস ও পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2012, 05:10 PM

Updated : 24 Aug 2022, 11:23 AM

গাজীপুর, মে ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ক্যাম্পাসের জমি বাড়ানোর দাবিতে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) শিক্ষার্থীরা সোমবার থেকে ক্লাস ও পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন। রোববার সকালে তারা উপাচার্যের কার্যালয়ের সামনে অবস্থান ধর্মঘট ও প্রতীক অনশন পালনকালে এ ঘোষণা দেন। আন্দোলনরত ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ের ৪র্থ বর্ষের ছাত্র কার্তিক মণ্ডল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিশ্ববিদ্যালয়ের একমাত্র একাডেমিক ভবনে প্রশাসনিক কার্যক্রমের পাশাপাশি শিক্ষার্থীদের ক্লাসও করতে হয়। শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীদের আবাসনের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় তাদের ক্যাম্পাসের বাইরে বাড়ি ভাড়া করে থাকতে হয়। পর্যাপ্ত জমি না থাকায় কোনো প্রশাসনিক ভবন নির্মিত হয়নি। এতে শিক্ষা ও একাডেমিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। ছাত্রদের আবাসনের জন্য মাত্র পাঁচটি হল রয়েছে। আবাসন সংকট নিরসনে বিশ্ববিদ্যালয়ের একমাত্র খেলার মাঠে নতুন ভবন নির্মাণ করা হচ্ছে। কার্তিক মণ্ডল বলেন, ডুয়েট ছাত্র সংগ্রাম পরিষদের ব্যানারে রোববার সকাল ১১টা থেকে দুপুর পৌনে একটা পর্যন্ত উপাচার্যের কার্যালয়ের সামনে অবস্থান ধর্মঘট ও প্রতীক অনশন পালিত হয়। সোমবার থেকে তারা লাগাতার ক্লাস ও পরীক্ষা বর্জন করবেন। সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র শহিদুল ইসলাম বলেন, জায়গার অভাবে বিভাগভিত্তিক পরীক্ষাগার নির্মাণ করা সম্ভব হয়নি। স্বল্প পরিসরে গড়ে ওঠা ল্যাবগুলোতে ক্লাস চলে। ডুয়েটে প্রতিবছরই নতুন নতুন অনুষদ ও বিভাগের সংখ্যা বাড়লেও জমির অভাবে ভবনের সংখ্যা বাড়ছে না। শিক্ষার্থীরা এ সংকট নিরসনে প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা ও হস্তক্ষেপ কামনা করেছেন। উপাচার্য অধ্যাপক সবদর আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিশ্ববিদ্যালয়ে মাত্র ২০ একরের মতো জমি রয়েছে। প্রয়োজনের তুলনায় তা খুব কম হওয়ায় শিক্ষার্থীদের হল, শ্রেণিকক্ষ ও স্থায়ী মেডিকেল সেন্টারসহ প্রয়োজনীয় স্থাপনা নির্মাণ করা যাচ্ছে না। তিনি বলেন, আরো জমি বরাদ্দের জন্য আবেদনের প্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয় দু’মাস আগে একটি কমিটি গঠন করেছে। ওই কমিটি পরিদর্শন ও সম্ভাব্যতা যাচাই শেষে ৩০ এপ্রিল শিক্ষা মন্ত্রণালয়ে একটি প্রতিবেদন জমা দিয়েছে বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/ডিডি/২৩০০ ঘ.