ঢাকা, মে ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর খিলগাঁও এলাকায় এক স্কুল ছাত্রকে ছুরিকাঘাত ও পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
খিলগাঁও ভুইয়া ঝিলপাড়ে মঙ্গলবার রাতে এ হামলায় নিহত হয় শহিদুল ইসলাম সবুজ (১৪)।
সে সবুজবাগ আলী আহম্মদ স্কুলের ৮ম শ্রেণির ছাত্র ছিল বলে স্বজনরা জানিয়েছেন।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত ১০টার দিকে রায়হান ও ইমরান নামে দুই বন্ধু সবুজকে হাসপাতালে আনলে চিকিৎসক তার মৃত্যু হয়েছে বলে জানান।
রায়হানের বরাত দিয়ে তিনি বলেন, রাত ৯টার দিকে ভুইয়া ঝিলপাড়ে বিল্লালসহ ১০/১৫ জন বন্ধু সবুজকে ছুরি মেরে এবং পিটিয়ে হত্যা করে পালিয়ে যায়।
ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। রায়হানকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে তিনি জানান।
ঢামেক হাসপাতালে সবুজের বাবা আবদুল করিম বলেন, বিকালে গোরান শান্তিপুর পাঁচ নম্বর গলির বাসা থেকে বের হয় সবুজ। এরপর বাসায় যায়নি আর।
চার বোন এক ভাইয়ের মধ্যে সবুজ তৃতীয়। তাদের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/ডিডি/২৩৩৯ ঘ.
bdnews24