চট্টগ্রাম, মে ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাধ্যমিকে চট্টগ্রাম শিক্ষাবোর্ডে গত ছয় বছরে এবারই সবচেয়ে বেশি শিক্ষার্থী পাস করলেও এ বোর্ডের পাসের হারই সবচেয়ে কম।
চলতি বছর চট্টগ্রাম বোর্ডে পাস করেছে ৭৮ দশমিক ৯৬ শতাংশ ছাত্র-ছাত্রী। গতবছর এ হার ছিল ৭৮ দশমিক ২৭ শতাংশ।
এবারের চট্টগ্রামের স্কুলগুলো থেকে জিপিএ-৫ পেয়েছেন ৫ হাজার ১২১ জন। এই সংখ্যা গতবারের চেয়ে ৩০২ জন বেশি। গত বছর এ বোর্ডে জিপিএ-৫ পেয়েছিল ৪ হাজার ৮১৯ জন।
পূর্ণ জিপিএ অর্জন করা শিক্ষার্থীদের মধ্যে ছাত্র ২ হাজার ৭৫৭ এবং ছাত্রী ২ হাজার ৩৬৪ জন।
২০০৬ সালে চট্টগ্রামে পাশের হার ছিল ৬৩ দশমিক ৮৭ শতাংশ। পরের বছর তা কমে ৫৭ দশমিক ৯৪ শতাংশ হয়। ২০০৮ সালে বেড়ে ৭২ দশমিক ৬২ শতাংশ হলেও পরের বছর আবারো কমে হয় ৬৯ দশমিক ৬১ শতাংশ।
২০১০ সালে চট্টগ্রামে পাশের হার বেড়ে হয় ৭২ দশমিক ৩১ শতাংশ। ২০১১ সালেও এই ধারা অব্যাহত থাকে, পাসের হার হয় ৭৮ দশমিক ২৭ শতাংশ। এই হিসাবে চলতি বছরের ৭৮ দশমিক ৯৬ শতাংশ শিক্ষার্থীর পাসই গত ছয় বছরের মধ্যে সেরা ফল এ বোর্ডে।
অবশ্য অন্য সব বোর্ডেই এবার পাশের হার চট্টগ্রামের চেয়ে ভাল।
এ বছর সিলেট বোর্ডে ৯১ দশমিক ৭৮ শতাংশ, ঢাকা বোর্ডে ৮৫ দশমিক ৯৫ শতাংশ, রাজশাহীতে ৮৮ দশমিক ৩৩ শতাংশ, চট্টগ্রামে ৭৮ দশমিক ৯৬, কুমিল্লায় ৮৫ দশমিক ৬৪, বরিশালে ৮৬ দশমিক ৯৬, যশোরে ৮৭ দশমিক ১৬ এবং দিনাজপুরে ৮৭ দশমিক ১৬ শতাংশ পরীক্ষার্থী পাস করেছে।
চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. পীযুষ দত্ত সোমবার দুপুরে বোর্ড কার্যালয়ে আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করেন। শিক্ষাবোর্ডের কলেজ পরিদর্শক সুমন বড়–য়া ও উপ-সচিব মাহবুব হাসান এ সময় উপস্থিত ছিলেন।
উন্নতিতে ‘সন্তোষ’
পীযুষ দত্ত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এবার চট্টগ্রাম বোর্ডে এসএসসি পরীক্ষা দিয়েছিল ৮৫ হাজার ৭৬৭ জন। এদের মধ্যে পাস করেছে ৬৭ হাজার ৭২২ জন।
ফলাফলে সন্তোষ প্রকাশ করে পরীক্ষা নিয়ন্ত্রক বলেন, বোর্ডে পাশের হার ও জিপিএ-৫ প্রাপ্তির দিক দিয়ে উন্নতি হয়েছে। তবে বিজ্ঞান বিভাগে পাশের হার কিছুটা কমেছে।
চট্টগ্রাম শিক্ষাবোর্ডে বিজ্ঞানে গড় পাসের হার ৮৭ শতাংশ। মানবিকে ৬৫ দশমিক ১২ শতাংশ এবং ব্যবসায় প্রশাসনে ৮১ দশমিক ৮২ শতাংশ।
পাস করা শিক্ষার্থীদের মধ্যে ৩২ হাজার ৭৪৬ জন ছাত্র এবং ৩৪ হাজার ৯৭৬ জন ছাত্রী।
সেরা ফৌজদারহাট ক্যাডেট
চট্টগ্রাম শিক্ষাবোর্ডের সামগ্রিক ফলাফলে এবারও সেরা ফল দেখিয়েছে ফৌজদারহাট ক্যাডেট কলেজ। এ শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৪৫ জন পরীক্ষায় অংশ নিয়ে সবাই পাস, জিপিএ-৫ পেয়েছে ৪৩ জন। বোর্ডের মানদণ্ডে সামগ্রিকভাবে তাদের পয়েন্ট ৮৮ দশমিক ৬৫।
গতবার ৮৯ দশমিক ৪৪ পয়েন্ট নিয়ে চট্টগ্রাম বোর্ডের সেরা ফল করেছিল ফৌজদারহাট ক্যাডেট কলেজের শিক্ষার্থীরা।
এ বোর্ডে এবার দ্বিতীয় অবস্থানে রয়েছে কলেজিয়েট স্কুল (৮৮ দশমিক ৪৩)। এ স্কুলের ৪৩৭ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৪৩৩ জন, জিপিএ-৫ পেয়েছে ৩০৮ জন।
এ বোর্ডে সরকারি মুসলিম উচ্চ বিদ্যালয় থেকে সবচেয়ে বেশি, ৩১০ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে এবার। সামগ্রিক বিচারে ৮৭ দশমিক ১২ পয়েন্ট নিয়ে এ স্কুলের অবস্থান তৃতীয়।
শীর্ষ দশের বাকি প্রতিষ্ঠানগুলো হলে- চট্টগ্রাম পাবলিক স্কুল ও কলেজ (৮৬ দশমিক ৬২), বাংলাদেশ মহিলা সমিতি উচ্চ বিদ্যালয় (৮৬ দশমিক ৩১), ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় (৮৬ দশমিক ২২), ইস্পাহানী পাবলিক স্কুল অ্যান্ড কলেজ (৮৫ দশমিক ৭১), সিলভার বেলস বালিকা উচ্চ বিদ্যালয় (৮৪ দশমিক ০৫), চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয় (৮১ দশমিক ১১) এবং চট্টগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় (৮০ দশমিক ৮২)।
জিপিএ-৫ এ সেরা দশ
সরকারি মুসলিম হাই স্কুল (৩১০জন), কলেজিয়েট স্কুল (৩০৮ জন), বাংলাদেশ মহিলা সমিতি উচ্চ বিদ্যালয় (২৬৯), ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় (২৩৫), নাসিরাবাদ সরকারি বালক বিদ্যালয় (১৮৯), চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয় (১৮৫), চট্টগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় (১৫১), চট্টগ্রাম পাবলিক স্কুল অ্যান্ড কলেজ (১৩৮), নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ (১২৪) ও ইস্পাহানী পাবলিক স্কুল অ্যান্ড কলেজ
শতভাগ পাস
চট্টগ্রাম শিক্ষাবোর্ড থেকে শতভাগ শিক্ষার্থী পাশ করেছে এমন শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা এবার ৪৫টি। গতবারে এ সংখ্যা ছিল ৪৮টি।
অবশ্য গতবারের মতো এবারও এ বোর্ডে এমন কোনো স্কুল নেই, যেখানে সবাই ফেল করেছে।
পরীক্ষা নিয়ন্ত্রক ড. পীযুষ দত্ত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শিক্ষার্থীদের মধ্যে পড়ালেখার আগ্রহ বেড়েছে। বিদ্যালয়গুলোতে শিক্ষার মানও বেড়েছে।
তিনি জানান, চট্টগ্রাম বোর্ডের সব প্রতিষ্ঠানেই পাসোর হার ১০ শতাংশের বেশি।
এবার শতভাগ পাশের তালিকায় শীর্ষে আছে বাংলাদেশ মহিলা সমিতি উচ্চ বিদ্যালয় (বাওয়া স্কুল)। এ প্রতিষ্ঠানের ৩৯৫ জন পরীক্ষার্থীর সবাই উত্তীর্ণ হয়েছে। এর মধ্যে ২৬৯ জন জিপিএ-৫ পেয়েছে। সামগ্রিক ফলাফলে চট্টগ্রাম শিক্ষাবোর্ডে তাদের অবস্থান পঞ্চম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/জেকে/১৮২২ ঘ.
bdnews24