ঢাকা, এপ্রিল ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম )- বিরোধী দলের ডাকা হরতালে শিক্ষাব্যবস্থা ব্যহত হচ্ছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
মঙ্গলবার সচিবালয়ে নিজের কক্ষে সাংবাদিকদের তিনি বলেন, “এ সরকারের আমলে গত তিন বছরে শিক্ষা ব্যবস্থাকে শৃঙ্খলার মধ্যে আনা হয়েছিল। লাগাতার হরতালের জন্য পুরো বছরের শিক্ষা ক্যালেন্ডার বিঘিœত হচ্ছে।”
‘নিখোঁজ’ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর সন্ধান দাবিতে রোববার থেকে সারাদেশে বিএনপির হরতাল চলছে। এতে তিন দিনের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়।
একই দাবিতে গত বৃহস্পতিবার সিলেট বিভাগের চার জেলায় বিএনপি হরতাল ডাকায় ওই বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা এবং কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা স্থগিত করা হয়।
মন্ত্রী বলেন, এইচএসসি সমমানের স্থগিত হওয়া পরীক্ষা এক মাস পিছিয়ে যাচ্ছে। অনেক ক্ষেত্রে নতুন সময়সূচি পর্যন্ত দেওয়া যাচ্ছে না।
মন্ত্রী জানান, গত তিন বছরে নির্দিষ্ট সময়ে পরীক্ষা, ৬০ দিনের মধ্যে ফলাফল প্রকাশ, ১ জানুয়ারিতে নতুন বই পৌঁছে দেওয়া ইত্যাদি ব্যবস্থার ফলে শিক্ষা ব্যবস্থা শৃঙ্খলার মধ্যে ছিল।
রাজনৈতিক দলগুলোকে তাদের কর্মসূচি দেওয়ার সময় শিক্ষার্থীদের শিক্ষাজীবনের কথা বিবেচনা করার আহ্বান জানান মন্ত্রী।
হরতালের কারণে সময়সূচি অনুযায়ী এইচএসসি পরীক্ষা শেষ করা না গেলেও নির্দিষ্ট সময়ের মধ্যে ফল প্রকাশের চেষ্টা করা হবে বলে জানান শিক্ষামন্ত্রী।
গত ১ এপ্রিল থেকে সারা দেশে এইচএসসি পরীক্ষা শুরু। আটটি সাধারণ শিক্ষা বোর্ড, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে মোট ৯ লাখ ২৬ হাজার পরীক্ষার্থী অংশ নিচ্ছে এবার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/আরএ/এসইউ/১৭৩৯ ঘ.
bdnews24