২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ধর্মঘট প্রত্যাহারের আহ্বানে পাল্টা দাবি চবি শিবিরের

ধর্মঘট প্রত্যাহারে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনের আহ্বানের জবাবে পাঁচটি দাবি তুলে ধরেছে ইসলামী ছাত্রশিবির।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2012, 04:02 PM

Updated : 24 Aug 2022, 11:06 AM

চট্টগ্রাম, এপ্রিল ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ধর্মঘট প্রত্যাহারে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনের আহ্বানের জবাবে পাঁচটি দাবি তুলে ধরেছে ইসলামী ছাত্রশিবির। মঙ্গলবার বিকালে উপাচার্য অধ্যাপক আনোয়ারুল আজিমের সঙ্গে বৈঠকের পর শিবির নেতারা জানান, তাদের পাঁচটি দাবি মেনে নেওয়া হলে ধর্মঘট প্রত্যাহার করবেন তারা। বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যাণ উপদেষ্টা অধ্যাপক খান তৌহিদ ওসমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তারা ধর্মঘট প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন এবং তা বিবেচনার আশ্বাসও দিয়েছেন শিবির নেতারা। ছাত্রলীগের সঙ্গে সংঘর্ষে শিবিরের দুই নেতা-কর্মী নিহত হওয়ার পর বিশ্ববিদ্যালয় টানা ৩৮ দিন বন্ধ থাকে। এরপর ১৮ মার্চ বিশ্ববিদ্যালয় খুললেও শিবিরের ধর্মঘটের কারণে ক্যাম্পাস পুরোপুরি সচল হচ্ছে না। ধর্মঘটের সমর্থনে সোমবার শিবির নেতা-কর্মীরা শাটল ট্রেনের চালককে অপহরণ এবং শিক্ষকদের বাসের চাকা কেটে নেওয়ার পরদিন মঙ্গলবার সংগঠনটির সঙ্গে বৈঠকে বসে প্রশাসন। শিবিরের দাবিগুলো হচ্ছে- হত্যাকারীদের গ্রেপ্তার, বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন, হলে বৈধ শিক্ষার্থীদের অবস্থান নিশ্চিত, শিবিরের বিরুদ্ধে মামলা প্রত্যাহার এবং ক্যাম্পাসে পুলিশি হয়রানি বন্ধ করা। শিবিরের বিশ্ববিদ্যালয় শাখার ভারপ্রাপ্ত সভাপতি মো. আশিকুল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রশাসন পাঁচ দফা দাবি মেনে নিলে আমরা ধর্মঘট প্রত্যাহার করতে রাজি হব।” এদিকে চবি প্রশাসন মঙ্গলবার রাত ৮টায় এক জরুরি সিন্ডিকেট সভায় বন্ধ থাকা শাহ আমানত হল খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সিন্ডিকেট সদস্য ড. নাসিম হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৈধ শিক্ষার্থীদের হলে অবস্থান নিশ্চিত করতে বুধবার সকাল ১০টায় শাহ আমানত হল খুলে দেওয়া হবে। ১৬ মার্চ আবাসিক নয়টি হল খুলে দেওয়া হলেও ছাত্রলীগ-শিবিরের মুখোমুখি অবস্থানের কারণে আমানত হল বন্ধ রাখা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/২১৫৭ ঘ.