২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশে হবে পর্যটন বিশ্ববিদ্যালয়

বাংলাদেশে আন্তর্জাতিক মানের পর্যটন বিশ্ববিদ্যালয় করার পরিকল্পনা নিয়েছে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2012, 12:48 PM

Updated : 24 Aug 2022, 11:02 AM

ঢাকা, মার্চ ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশে আন্তর্জাতিক মানের পর্যটন বিশ্ববিদ্যালয় করার পরিকল্পনা নিয়েছে সরকার। প্রাথমিকভাবে সরকারি ও বেসরকারি খাতের উদ্যোক্তাদের অংশগ্রহণে পিপিপি’র ভিত্তিতে এ বিশ্ববিদ্যালয় স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী ফারুক খান। বৃহস্পতিবার সচিবালয়ে ইন্ডাস্ট্রি স্কিল কাউন্সিল এবং আইএলও প্রতিনিধির সঙ্গে মতবিনিময়ে তিনি বলেন, “বিশ্ববিদ্যালয়টি স্থাপনের জন্য ইতোমধ্যে দেশি ও বিদেশি উদ্যোক্তাদের সঙ্গে আলোচনা শুরু হয়েছে।” সভায় বাংলাদেশে পর্যটন খাতকে প্রসারিত করতে আগমনী ভিসা (অন-অ্যারাইভাল) পাওয়া দেশের সংখ্যা বৃদ্ধি, বিমানবন্দরে আগমনী ভিসা সহজ করতে পৃথক বুথ স্থাপন, আগমনী ভিসা পাওয়া দেশের তালিকায় ভারত, নেপাল, শ্রীলংকা, ভুটান ও মালদ্বীপসহ পূর্ব ইউরোপের দেশ, মেক্সিকো এবং দক্ষিণ আফ্রিকাকে অন্তর্ভুক্ত করার আহ্বান জানানো হয়। জবাবে ফারুক খান পৃথক বুথ স্থাপনের আশ্বাস দিয়ে বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে এজন্য ব্যবস্থা নিতে বলা হয়েছে। ট্যুরিজম আইএসসি’র চেয়ারম্যান ও ট্যুরিজম বোর্ডের সদস্য একেএম বারী’র নেতৃত্বে টুরিজম আইএসসি’র প্রধান নির্বাহী পর্যটন বিচিত্রার সম্পাদক মহিউদ্দিন হেলাল, সাধারণ সম্পাদক ইনস্টিটিউট অব হোটেল ম্যানেজমেন্ট এন্ড হসপিটালিটি’র পরিচালক রুবিনা এইচ ফারুক, আইএলও’র আন্তর্জাতিক পরামর্শক ফ্রান্সিস ডি. সিলভা এবং আইএলও’র জাতীয় পরামর্শক সোয়েব ইফতেখার মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/১৮৪৬ ঘ.