রংপুর, ফেব্রুয়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছাত্রদল-ছাত্রলীগ সংঘর্ষের জের ধরে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে সভা সমাবেশ ও মিছিলসহ সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড সাময়িকভাবে নিষিদ্ধ করেছে কর্তৃপক্ষ।
বুধবার বিশ্ববিদ্যালয়ের তথ্য ও প্রকাশনা দপ্তরের এক সংবাদ বিজ্ঞাপ্তিতে এ কথা জানানো হয়। সকালে এ আদেশের কথা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মাইকেও প্রচার করে।
এদিকে মঙ্গলবারের সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ছাত্রদল বিশ্ববিদ্যালয় শাখর ১৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে।
সংবাদ বিজ্ঞাপ্তিতে বলা হয়, শিক্ষার সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ রক্ষার স্বার্থে বুধবার থেকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের রংপুর ক্যাম্পাসে সভা-সমাবেশ, মিছিল-মিটিংসহ সব রাজনৈতিক কর্মকাণ্ড সাময়িকভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ ঘোষণা বলবৎ থাকবে।
ক্যাম্পাসে বহিরাগতদের অনুপ্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। ছাত্র-ছাত্রীদের নিজ নিজ পরিচয়পত্র সার্বক্ষণিকভাবে সঙ্গে রাখতে বলা হয়েছে।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোরশেদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ক্যাম্পাসে শান্তি শৃংখলা বজায় রাখার স্বার্থে এই নির্দেশ দেওয়া হয়েছে।
রংপুর কোতোয়ালি থানার ওসি আলতাফ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মঙ্গলবার দুপুরে ক্যাম্পাস এলাকায় ছাত্রলীগ ও ছাত্রদলের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়।
এ ঘটনায় মঙ্গলবার গভীর রাতে থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল ওয়াহেদ বাদী হয়ে ১৪ ছাত্রদল নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।
এরা হলেন- তাজিমুল ইসলাম, বেলাল হোসেন, মিলন, সরোয়ার হোসেন, চঞ্চল, রাজিব হোসেন, ফারুখ হোসেন, ইলিয়াছ, কামরুজ্জামান, শোভন, শরীফ, মুহিত, জয়ন্ত ও জীবন।
এ ছাড়া অজ্ঞাত আরো ২০/২৫ জনের কথাও উল্লেখ করা হয়েছে, বলেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২১৯ ঘ.
bdnews24