২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘ওসমানী মেডিকেলকে বিশ্ববিদ্যালয় ঘোষণা করা হবে’

প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি পূরণে শিগগিরই ওসমানী মেডিকেল কলেজকে বিশ্ববিদ্যালয় ঘোষণা করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2012, 03:18 PM

Updated : 24 Aug 2022, 12:17 PM

সিলেট, অক্টোবর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি পূরণে শিগগিরই ওসমানী মেডিকেল কলেজকে বিশ্ববিদ্যালয় ঘোষণা করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক। মঙ্গলবার দুপুরে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ), সিলেটের দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা জানান। এছাড়া মন্ত্রী শহীদ সামসুদ্দিন হাসপাতালকে ২০০ শয্যার বিশেষায়িত হাসপাতালে উন্নীতকরণ, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নতুন আলট্রাসাউন্ড ও এক্সরে মেশিন, ডায়ালাইসিস সরঞ্জাম প্রদান এবং ১০ শয্যার পূর্ণাঙ্গ আইসিইউ ইউনিট চালুর আশ্বাস দেন। তিনি শহরতলীর শাহপরাণ এলাকায় ৫০ শয্যার নতুন একটি হাসপাতালের নির্মাণ কাজ শুরুরও ঘোষণা দেন। অনুষ্ঠানে রুহুল হক বলেন, স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার দেশে ১৩ হাজার কমিউনিটি ক্লিনিক চালু করেছে। এডহক ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়েছে চার হাজার চিকিৎসক। তিনি দাবি করেন, আগে ডাক্তারদের পদোন্নতি পেতে নানা হয়রানির শিকার হতে হতো। বর্তমান সরকার ক্ষমতায় এসে এর অবসান ঘটিয়েছে। এ প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, ইন্টার্ন ডাক্তারদের বেতনও বৃদ্ধি করেছে সরকার। নার্সদের প্রশিক্ষিত করতে বিদেশ থেকে উপদেষ্টা আনা হয়েছে। সিভিল সার্জনদের মতো উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাদেরও গাড়ি দেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানান মন্ত্রী। বিএমএ সিলেটের সভাপতি ডা. রুকন উদ্দিন আহমেদের সভাপতিত্বে সম্মেলনে আরো বক্তব্য দেন সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী, সৈয়দা জেবুন্নেসা হক, বিএমএ’র কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক মাহমুদ হাসান, সাধারণ সম্পাদক ডা. শরফুদ্দিন আহমদ, কোষাধ্যক্ষ এহসানুল কবীর জগলুল, সহ সভাপতি এমএ রউফ সরদার, ইহতেশামুল হক চৌধুরী দুলাল, কেন্দ্রীয় সদস্য রোকেয়া সুলতানা, বিএমএ মৌলভীবাজার শাখার সভাপতি সাব্বীর হোসেন খান, সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মিজানুর রহমান, ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ অসুল আহমদ চৌধুরী প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএ/২১১৭ ঘ.