২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাবিতে উত্তেজনা, নিরাপত্তা জোরদার

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সোমবার সকালে ছাত্রলীগ ও ছাত্র শিবিরের অবস্থানে উত্তেজনার সৃষ্টি হলে ক্যাম্পাসে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2012, 10:49 AM

Updated : 24 Aug 2022, 12:14 PM

রাজশাহী বিশ্ববিদ্যালয়, অক্টোবর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সোমবার সকালে ছাত্রলীগ ও ছাত্র শিবিরের অবস্থানে উত্তেজনার সৃষ্টি হলে ক্যাম্পাসে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় পরিবহন দপ্তরের সামনে কয়েক রাউন্ড ফাঁকা গুলির শব্দ শোনা গেছে বলে শিক্ষার্থীরা জানালেও কোনোপক্ষ দায়িত্ব স্বীকার করেনি। দুপুরের পর ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বেলা সাড়ে ১১টার দিকে শিবিরের প্রায় একশ’ কর্মী শহীদুল্লাহ কলা ভবনের সামনে একটি চা স্টলে বসেছিল। এ সময় ছাত্রলীগের প্রায় ৫০ জন সমর্থক ওখানে গিয়ে তাদের চলে যেতে বললে শিবির সমর্থকরা চা স্টল ছেড়ে বিশ্ববিদ্যালয় পরিবহনের দিকে চলে যায়। এরপর ছাত্রলীগের আরো ২০/২৫ কর্মীসমর্থক জড়ো হয়ে মিছিল নিয়ে পরিবহন দপ্তরের দিকে যায়। তারা আরো বলেন, ওই সময় পরিবহন দপ্তরের সামনে কয়েকটি গুলির আওয়াজ শোনা যায়। এদিকে, খবর পেয়ে আরো কিছু শিবির নেতাকর্মী বিনোদপুর ও কাজলায় জড়ো হয়। বিশ্ববিদ্যালয় পরিবহন দপ্তরের কর্মকর্তা ফজলুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের বাসস্ট্যান্ডের সামনে হঠাৎ পরপর চার রাউন্ড গুলির আওয়াজ শোনা যায়। পরে সেখান থেকে কিছু শিক্ষার্থী একটি বিক্ষোভ মিছিল করে বলে তিনি জানান। মতিহার থানার ওসি আনিছুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আমি ঘটনাটি শুনেছি তবে সেখানে আসলে গুলির কোনো আওয়াজ হয়েছিল কি না বা গুলি করলে কারা করতে পারে সেই বিষয়ে খোঁজখবর নেয়া হচ্ছে। তবে, বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিরাপত্তার জন্য ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে, বলেন তিনি। রাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু হোসাইন বিপু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শিবির ভর্তি পরীক্ষা বানচাল ও ক্যাম্পাসে শিক্ষার্থীদের মাঝে আতঙ্ক সৃষ্টির পাঁয়তারা করছে। তবে ছাত্রলীগের পক্ষ থেকে কোনো গুলি করা হয়নি বলে তিনি দাবি করেন। শিবিরের বিশ্ববিদ্যালয় সভাপতি আশরাফুল আলম ইমন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আড্ডা দেওয়ার সময় ছাত্রলীগ সমর্থকরা আমাদের ওঠিয়ে দিয়েছে। কিন্তু আমরা কিছু করিনি। তবে ছাত্রলীগ কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করলে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে আমরা তা প্রতিরোধ করব।” তারাও কোনো গুলি করেননি বলে দাবি করেন তিনি। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর চৌধুরী মোহাম্মদ জাকারিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কিছুদিন আগে কিছু দুর্বৃত্ত বিশ্ববিদ্যালয় পরিবহনের একটি বাসে আগুন দিয়ে ক্যাম্পাস অস্থিতিশীল করার চেষ্টা করেছিল। তবে, ভর্তি পরীক্ষাকে সামনে রেখে একটি মহল বিশৃঙ্খলার চেষ্টা চালাচ্ছে বলে তিনি দাবি করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৬৩৮ ঘ.