ঢাকা, জানুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এক সতীর্থকে মারধরের ঘটনায় দুই ছাত্রলীগকর্মীর স্থায়ী বহিষ্কারাদেশ বহাল রেখেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) কতৃপক্ষ।
মঙ্গলবার সন্ধ্যায় উপাচার্য অধ্যাপক এসএম নজরুল ইসলামের সভাপতিত্বে একাডেমিক কাউন্সিলের এক সভায় এ আদেশ বহাল রাখা হয় বলে রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান তিনি।
বহিষ্কৃতরা হলেন- মেটেরিয়াল অ্যান্ড মেটালার্জিক্যাল বিভাগের ২০০৮ ব্যাচের শিক্ষার্থী সাইফুল্লাহ সিকদার মিঠুন ও সুজিত সাহা।
উপাচার্য বলেন, “নিয়ম অনুযায়ী বহিষ্কৃত শিক্ষার্থীদের সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য ১৫ দিনের মধ্যে একাডেমিক কাউন্সিলে আবেদন করার সুযোগ ছিল। ফলে তারা দুজন আবেদন করলে আজ তাদের আবেদন নাকচ করে বহিষ্কারাদেশ বহাল রাখা হয়।”
গত ২৮ ডিসেম্বরে বুয়েটের বিদায়ী ব্যাচ আয়োজিত কনসার্টে কথা কাটাকাটির জের ধরে ৩১ ডিসেম্বর দুপুরে নজরুল ইসলাম হলের ২০১ (ক) কক্ষের আবাসিক ছাত্র তৌসিফ আহমেদ ঈশানকে ব্যাট ও রড দিয়ে বেধড়ক পেটানো হয়।
এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ওই দুই জনকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়।
এ ঘটনায় মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০০৯ ব্যাচের শিক্ষার্থী আরিফ রায়হান দ্বীপকে প্রথমে ছয় মাসের জন্য বহিষ্কার করা হলেও পরে জড়িত থাকার প্রমাণ না মেলায় তাকে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/পিডি/০১২৮ ঘ.
bdnews24