চট্টগ্রাম, সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পদার্থবিদ্যা বিভাগের ২০ শিক্ষার্থীর নিয়মিত পরীক্ষা দেওয়ার দাবি মেনে নিয়েছে কর্তৃপক্ষ।
২০০৬-০৭ শিক্ষাবর্ষের এই শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে বুধবার দুপুরে বিভাগের এক সভায় তৃতীয় বর্ষের দ্বিতীয় সম্পূরক পরীক্ষার পর চতুর্থ বর্ষের নিয়মিত পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত হয়।
পদার্থবিদ্যা বিভাগের সভাপতি অধ্যাপক ড. ম. আদম সফিউল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানিয়েছেন।
মঙ্গলবার সকালে এ বিভাগের ২০ শিক্ষার্থী সভাপতির কক্ষের সামনে অর্ডিনেন্সে অনুযায়ী তৃতীয় বর্ষের দ্বিতীয় সম্পূরক পরীক্ষার পর চতুর্থ বর্ষের নিয়মিত পরীক্ষা নেওয়ার দাবিতে আমরণ অনশন শুরু করেন। তবে দাবি মেনে নেওয়ার আশ্বাসের পরিপ্রেক্ষিতে ওইদিন বিকালেই অনশন ভাঙ্গেন তারা।
অধ্যাপক সফিউল্লাহ বলেন, তৃতীয় বর্ষের দ্বিতীয় সম্পূরক পরীক্ষা আগামী ১২ অক্টোবর থেকে শুরু হবে। এর ফলাফলের পর চতুর্থ বর্ষের নিয়মিত পরীক্ষা আবার আগামী ১৫ ডিসেম্বর থেকে শুরু হবে।
আন্দোলনকারী শিক্ষার্থীরা নিয়মিত পরীক্ষায় অংশ গ্রহণ করতে পারবেন বলেও জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমসি/এএল/২১২১ ঘ.
bdnews24