ঢাকা, সেপ্টেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রশাসনিক কর্মকাণ্ডে জটিলতা কমাতে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারদের বিষয়ভিত্তিক জ্যেষ্ঠতার তালিকা তৈরি করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর।
বুধবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক নোমান উর রশীদ শিক্ষা সচিব কামাল আবদুল নাসের চৌধুরীর কাছে এ তালিকা হস্তান্তর করেন।
এতে প্রভাষক থেকে অধ্যাপক পর্যন্ত ১০ হাজার ৮৩৫ জনের বিভিন্ন তথ্য অন্তর্ভুক্ত করা হয়েছে। এখনো আইডি নম্বর না হওয়ায় ২৭, ২৮ ও ২৯তম শিক্ষা ক্যাডারের ১ হাজার ৭১৬ জনের তথ্য সংযুক্ত করা হয়নি।
ছয় খণ্ডে প্রকাশিত এ তালিকায় ৪ হাজার ২৯১ জন প্রভাষক, ৩ হাজার ৫০৫ জন সহকারী অধ্যাপক, ২ হাজার ৩৩৬ জন সহযোগী অধ্যাপক এবং ৭০৩ জন অধ্যাপকের নাম, আইডি নম্বর, জন্ম তারিখ, নিয়োগের তারিখ, যোগদানের তারিখ, পদোন্নতি, সিলেকশন গ্রেড, জ্যেষ্ঠতাসহ অন্যান্য তথ্য রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এমআই/১৫১০ ঘ.
bdnews24