চট্টগ্রাম, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) পরীক্ষা আগামী ১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।
সোমবার সিভাসুর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জাননো হয়, ১৭ সেপ্টেম্বর থেকে ভর্তির আবেদন গ্রহণ শুরু হয়েছে।
ভর্তিচ্ছু শিক্ষার্থীরা ৩০ অক্টোবর পর্যন্ত টেলিটক সিম থেকে এসএমএসের মাধ্যমে ১৬২২২ নম্বরে এসএমএস করে আবেদন করতে পারবে। ভর্তি পরীক্ষার আবেদন ফি ধরা হয়েছে ৫৫০ টাকা।
এবার ভেটেরিনারি মেডিসিন অনুষদের অধীনে 'ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন' (ডিভিএম) ডিগ্রি ও ফুড সায়েন্স অ্যান্ড টেকনোলজি অনুষদের অধীনে 'বি এসসি ফুড সায়েন্স অ্যান্ড টেকনোলজি' (বিএফএসটি) কোর্সে শিক্ষার্থী ভর্তি করা হবে।
ডিভিএম এর জন্য 'এ' ইউনিট ও বিএফএসটি এর জন্য 'বি' ইউনিটের মাধ্যমে পরীক্ষা নেওয়া হবে।
দুটি অনুষদের অধীনে ডিভিএম ও বিএফএসটিতে ২০১১-১২ শিক্ষাবর্ষে মোট ১২৫ জন শিক্ষার্থী ভর্তি করা হবে।
পাঁচ বছর মেয়াদি ডিভিএম ডিগ্রিতে সংরক্ষিত মুক্তিযোদ্ধা ও উপজাতি কোটায় ২ জন করে ৪ জনসহ মোট ৭৫ শিক্ষার্থী ভর্তি হতে পারবে।
অন্যদিকে, চার বছর মেয়াদি বিএফএসটি ডিগ্রিতে ভর্তি করা হবে ৫০ জন। এতে মুক্তিযোদ্ধা ও উপজাতি কোটায় একটি করে আসন সংরক্ষিত আছে।
ভর্তির ক্ষেত্রে ২০০ নম্বরের ভিত্তিতে শিক্ষার্থী বাছাই করা হবে। এর মধ্যে এসএসসি বা সমমান ও এইচএসসি বা সমমান পরীক্ষার ফলাফলের ওপর ১০০ এবং ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষা নেওয়া হবে।
আবেদনের যোগ্যতা
বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের এসএসসি বা সমমানের এবং এইচএসসি বা সমমানের পরীক্ষায় চতুর্থ বিষয় ছাড়া মোট ৬ দশমিক ৫ জিপিএ থাকতে হবে। তবে প্রতিটিতে কমপক্ষে জিপিএ ৩ থাকতে হবে।
ভর্তিচ্ছুদের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় পদার্থবিদ্যা, রসায়ন, গণিত, জীববিদ্যা ও ইংরেজি বিষয়সমূহের প্রতিটিতে আলাদাভাবে ন্যূনতম ২ জিপিএ থাকতে হবে।
২০০৮ সালের আগে এসএসসি বা সমমান ও ২০১০ সালের আগে এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণরা এ ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবে না।
আবেদনের পদ্ধতি
টেলিটক প্রি-প্রেইড মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে CVASU লিখে স্পেস দিয়ে এইচএসসি শিক্ষাবোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে এইচএসসি পরীক্ষার রোল নম্বর লিখে স্পেস দিয়ে এইচএসসি পাশের সাল লিখে স্পেস দিয়ে একই নিয়মে এসএসসি শিক্ষাবোর্ডের নাম, পরীক্ষার রোল নম্বর ও পাশের সাল লিখে কাক্সিক্ষত ইউনিট এর কী-ওয়ার্ডটি লিখে ১৬২২২ নম্বরে এসএমএস করতে হবে।
এসএমএস পাঠানোর পর সব তথ্য ঠিক থাকলে ফিরতি এসএমএসএ আবেদনকারীর নাম, ভর্তি পরীক্ষার ফি ও একটি পিন জানিয়ে সম্মতি চাওয়া হবে। তখন ১৬২২২ নম্বরে আবেদনকারীকে আরেকটি এসএমএস পাঠিয়ে সম্মতি জানাতে হবে।
সম্মতি জানানোর জন্য প্রথমে CVASU লিখে, স্পেস দিয়ে YES লিখে, স্পেস দিয়ে পিন নম্বর লিখে, স্পেস দিয়ে আবেদনকারীকে যোগাযোগের জন্য নিজে ব্যবহার করতে পারে এমন যে কোনো অপারেটরের একটি মোবাইল নম্বর লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে।
এ এসএমএসর সময় পরীক্ষা ফি কেটে নিয়ে ফিরতি এসএমএস'র মাধ্যমে পরীক্ষার্থীর রোল নম্বর জানিয়ে দেওয়া হবে।
'এ' এবং 'ও' লেভেলের শিক্ষার্থীদেরকে আবেদন করতে সব নিয়ম মেনে শুধু বোর্ডের নামের জায়গায় GCE লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে।
কোটার ক্ষেত্রে ইউনিটের পর মুক্তিযোদ্ধা সন্তান কোটার জন্য FFQ ও উপজাতি কোটার জন্য TQ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে।
সফলভাবে আবেদনকৃত শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষার তারিখ, সময় ও আসন বিন্যাস এসএমএসের মাধ্যমে জানানো হবে।
ভর্তি পরীক্ষার দিন এইচএসসি বা সমমান পরীক্ষার মূল প্রবেশপত্র ও তার একটি করে ফটোকপি এবং দুই কপি রঙিন পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবির পেছনে পরীক্ষার্থীর নাম ও রোল নম্বর লিখে নিয়ে আসতে হবে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরীক্ষার হলে দুই অংশবিশিষ্ট ছাপানো প্রবেশপত্র সরবরাহ করবে। এক অংশে একটি ছবি লাগিয়ে শিক্ষার্থীকে প্রবেশপত্র হিসেবে দেওয়া হবে। অন্য ছবিটি অপর অংশে সংযুক্ত করে পরীক্ষার হলে জমা রেখে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংরক্ষণ করবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএম/এএইচ/০১৫৭ ঘ.
bdnews24