চট্টগ্রাম, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) দু'টি বিভাগের শিক্ষার্থীরা বিএসসি 'অনার্স'র পরিবর্তে বিএসসি 'ইঞ্জিনিয়ারিং' ডিগ্রির দাবিতে ক্লাস ও পরীক্ষা বর্জন করেছে।
চবি ফলিত পদার্থবিদ্যা, ইলেক্ট্রনিক্স ও কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (এপিইসিই) এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ওই শিক্ষার্থীরা ক্যাম্পাসের আইসিটি ভবনের সামনে অবস্থান ধর্মঘটও করেছে।
শনিবার সকাল সাড়ে ৮টা থেকে তারা ধর্মঘট করে।
উপাচার্যের আলোচনার প্রস্তাবের প্রেক্ষিতে দুপুর ২টার দিকে চাকসু ভবনে সংবাদ সম্মেলন করে দুই বিভাগের শিক্ষার্থীরা ২৫ সেপ্টেম্বর পর্যন্ত আন্দোলন স্থগিতের ঘোষণা দেয়।
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন এপিইসিই বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মো. আশিকুর রহমান ও রাকিব হোসাইন, দ্বিতীয় বর্ষের তৈয়বুর রহমান এবং সিএসই বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সাজ্জাদুর রহমান।
সংবাদ সম্মেলনের আগে চবি উপাচার্য অধ্যাপক মো. আনোয়ারুল আজিম আরিফ শিক্ষার্থীদের অবস্থান ধর্মঘট স্থগিত করে তার সঙ্গে আলোচনায় বসার আহ্বান জানান।
আলোচনায় ইপিইসিই সভাপতি অধ্যাপক ড. শংকর লাল সাহা ও সিএসই বিভাগের সভাপতি ড. হানিফ সিদ্দিকীসহ দুই বিভাগেরর ১২ শিক্ষার্থী অংশ নেন।
এতে আগামী ২৫ সেপ্টেম্বর একাডেমিক কাউন্সিলের সভায় উপাচার্য দুই বিভাগের শিক্ষার্থীদের দাবি পূরণের আশ্বাস দিয়েছেন বলে শিক্ষার্থীরা সংবাদ সম্মেলনে জানান।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, ২০০১ সালে সিএসই বিভাগটি 'কম্পিউটার সায়েন্স' নামে চালু হয়। ২০০৫ সালে এতে 'ইঞ্জিনিয়ারিং' শব্দ যুক্ত করা হলেও আগের মতো বিএসসি 'অনার্স' ডিগ্রি দেওয়া হচ্ছে।
অন্যদিকে, ২০০২ সালে ইপিইসিই বিভাগটি 'ফলিত পদার্থবিদ্যা অ্যান্ড ইলেক্ট্রনিক্স' বিভাগ নামে চালু হয়। এই বিভাগটিতেও ২০০৬ সালে 'কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং' যুক্ত করা হলেও বিএসসি 'ইঞ্জিনিয়ারিং'এর পরিবর্তে বিএসসি অনার্স ডিগ্রি দেওয়া হচ্ছে বলে শিক্ষার্থীরা জানান।
দুই বিভাগের শিক্ষার্থীরা বিএসসি 'ইঞ্জিনিয়ারিং' ডিগ্রি না পাওয়ায় চাকরির ক্ষেত্রে পিছিয়ে পড়ছে বলে দাবি করেন শিক্ষার্থীরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/পিডি/১৭৩৯ ঘ.
bdnews24