ঢাকা, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বেসরকারি নিু মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের দুপুরের খাবার বা টিফিন দিতে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছে সরকার।
রোববার শিক্ষা মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি পরিপত্র জারি হয়েছে।
এতে বলা হয়, প্রাথমিক পর্যায়ে 'ইসি সহায়তাপুষ্ট স্কুল ফিডিং প্রকল্প' ও 'দারিদ্র্য পীড়িত এলাকায় স্কুল ফিডিং প্রকল্প' -এর আওতায় স্কুলে খাবার দেওয়ার কর্মসূচি চালু করা হয়েছে। এ কর্মসূচি বাস্তবায়নের ফলে প্রাথমিক স্তরে শিক্ষার্থীদের ভর্তি বেড়েছে এবং ঝরে পড়ার হার কমেছে।
সম্পদের সীমাবদ্ধতার কারণে সরকারি উদ্যোগে মাধ্যমিক পর্যায়ে এ ধরনের কর্মসূচি চালু নেই- উল্লেখ করে পরিপত্রে বলা হয়, "এলাকার বিত্তবান এবং শিক্ষানুরাগী ব্যক্তিদের সহযোগিতার মাধ্যমে বেসরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের খাবার বা টিফিন সরবরাহ করা হলে মাধ্যমিক স্তরে শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ এবং ভর্তির হার বাড়ার ক্ষেত্রে ইতিবাচক ফলাফল পাওয়া সম্ভব।"
এতে আরো বলা হয়, শিক্ষা বিভাগীয় কর্মকর্তাদের সমন্বয়ে জেলা প্রশাসন উদ্যোগী হয়ে বিদ্যালয়গুলোর পরিচালনা পর্যদের মাধ্যমে টিফিনের ব্যবস্থা করতে পারে। এ ছাড়া জেলা প্রশাসন মাঠ পর্যায়ের শিক্ষা বিভাগীয় কর্মকর্তাদের সমন্বয়ে বেসরকারি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা কমিটি, বিদ্যোৎসাহী ব্যক্তি, স্কুলের প্রাক্তন শিক্ষার্থী ও স্বচ্ছল অভিভাবকদের সহায়তায় শিক্ষা প্রতিষ্ঠানে দুপুরের টিফিন সরবরাহের উদ্যোগ নিতে পারে।
এজন্য প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানকে তফসিলি ব্যাংকে একটি হিসাব খুলে তহবিল গঠন করে তা ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও প্রতিষ্ঠান প্রধানের যৌথ স্বাক্ষরে পরিচালনা করতে বলা হয়েছে।
গত ২৬ জুলাই জেলা প্রশাসক সম্মেলন উদ্বোধনকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষার্থী ঝরে পড়া রোধ ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের জন্য দুপুরের খাবার বা টিফিনের ব্যবস্থা করার নির্দেশ দিয়েছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এএল/২০৩৪ ঘ.
bdnews24