২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিরাপদ সড়ক চেয়ে জবিতে মানববন্ধন

নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2011, 03:19 PM

Updated : 24 Aug 2022, 03:47 PM

জগন্নাথ বিশ্ববিদ্যালয়, অগাস্ট ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। এসময় দুর্ঘটনায় নিহত চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ ও সাংবাদিক আশফাক মুনীরের স্মরণে শোক সমাবেশ করেন তারা। বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের উদ্যোগে শহীদ মিনারের পাদদেশে বুধবার সকাল ১২টার দিকে নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন হয়। মানববন্ধনে 'নিরাপদ সড়ক চাই'র সভাপতি চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মেসবাহ উদ্দিন আহম্মেদ, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান জুনায়েদ হালিম-সহ অনেক শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন। ইলিয়াস কাঞ্চন বলেন, "গত ১৮ বছর ধরে আমি 'নিরাপদ সড়ক চাই' আন্দোলন করে আসছি। কিন্তু তাতে ক্ষমতাসীনরা কোনো উদ্যোগ নেয়নি। আমরা চাই সড়ক দুর্ঘটনায় আর যেন একটি প্রাণও অকালে ঝরে না যায় এবং বাবা-মায়ের বুক খালি না হয়।" "ওস্তাদ-সাগরেদ প্রথা বাদ দিয়ে ড্রাইভিং ইনস্টিটিউট গড়ে তুলতে হবে।" তিনি জানান, আগামী ২২ অক্টোবর 'নিরাপদ সড়ক চাই' দিবস পালিত হবে। ওই দিবসে প্রতীকী গণঅনশন কর্মসূচি পালন করা হবে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, চেয়ারম্যান ও শিক্ষকরা মানববন্ধনে বক্তব্য দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/পিডি/২১১৪ ঘ.