ঢাকা বিশ্ববিদ্যালয়, অগাস্ট ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছুটি ছাড়া দীর্ঘদিন কর্মস্থলের বাইরে থাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে।
এরা হলেন, হিসাব বিজ্ঞান বিভাগের অধ্যাপক এ জেড এম আনিসুর রহমান ও সহযোগী অধ্যাপক নুরুল হক।
এ ছাড়া বিভাগীয় চেয়ারম্যানের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করার অভিযোগে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক হাসানুজ্জামান চৌধুরীকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে।
বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এসব সিদ্ধান্ত হয়েছে বলে জানান সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. আখতারুজ্জামান।
অধ্যাপক আখতার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ছুটির মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর তারা ছুটি বাড়ানোর জন্য পুনরায় আবেদন করেন। ছুটি মঞ্জুর না হলেও তারা কর্মস্থলে যোগ দেননি। তাই সিন্ডিকেট চাকরিচ্যুতির এ সিদ্ধান্ত নিয়েছে।"
এ জেড এম আনিসুর রহমান ২০০৩ সালে চার বছরের শিক্ষাছুটি নিয়ে অস্ট্রেলিয়ায় পিএইডি করতে যান। ২০০৭ সালে ওই ছুটির মেয়াদ শেষ হলে তিনি আবারো ২০১০ সাল পর্যন্ত ছুটির জন্য আবেদন করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক বিশ্ববিদ্যালয়ের একজন কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পড়াশোনায় অগ্রগতি বিষয়ে ওই শিক্ষকের তত্ত্বাবধায়কের প্রতিবেদনের ভিত্তিতে এক বছর ছুটি বাড়ানো হয়েছিলো।
ভবিষ্যতে অর্জিত ছুটি থেকে অনুমতিহীন ছুটি কাটার শর্তে এ বছরের ২৫ মে কাজে যোগ দেন তিনি। তবে ১৩ জুলাই থেকে আবারো অনুপস্থিত রয়েছেন অধ্যাপক আনিসুর। এরই পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আগে কাটানো ছুটি প্রসঙ্গে তার কাছে লিখিত বক্তব্য জানতে চায়। তবে তিনি এ বিষয়ে কিছু না জানিয়েই বিভাগে যাওয়া বন্ধ করে দেন।
অন্যদিকে, নুরুল হকও পিএইচডি করতে অস্ট্রেলিয়া যান। চার বছর পড়াশোনা শেষে ছুটির মেয়াদ আরো এক বছর বাড়ানোর আবেদন করেন তিনি। কিন্তু সিন্ডিকেট ছুটি অনুমোদন না করায় গত জুন মাসে কাজে যোগ দেন নুরুল হক। এরপর আবারো অগাস্ট মাস পর্যন্ত ছুটির আবেদন জানিয়ে কর্মস্থলে যাওয়া বন্ধ করেন দেন তিনি।
অধ্যাপককে বাধ্যতামূলক ছুটি
উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক শওকত আরা হোসেনের অভিযোগের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওই বিভাগের শিক্ষক হাসানুজ্জামান চৌধুরীকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে।
শওকত আরা হোসেন এই অধ্যাপকের বিরুদ্ধে তার সঙ্গে অসৌজন্যমূলক আচরণ ও তাকে হুমকি দেওয়ার অভিযোগ আনেন। এ ঘটনা তদন্তে উপ-উপাচার্য অধ্যাপক হারুন-অর-রশিদকে প্রধান করে পাঁচ সদস্যের কমিটির কমিটি গঠন করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/এএল/২২১৯ ঘ.
bdnews24