২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাকৃবিতে শিক্ষকদের ক্লাস-পরীক্ষা বর্জন

ক্ষমতাসীন দল সমর্থিত ছাত্রলীগের হামলায় ২০ সহকর্মী আহত হওয়ার প্রতিবাদে ক্লাস ও পরীক্ষা বর্জন করছেন ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2011, 07:22 AM

Updated : 24 Aug 2022, 03:44 PM

ময়মনসিংহ, অগাস্ট ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ক্ষমতাসীন দল সমর্থিত ছাত্রলীগের হামলায় ২০ সহকর্মী আহত হওয়ার প্রতিবাদে ক্লাস ও পরীক্ষা বর্জন করছেন ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় মাইক্রোবায়োলজি অ্যান্ড হাইজিন বিভাগে জরুরি বৈঠকে বসেছে। দুপুর সাড়ে ১২টা পর্যন্ত সভা চলছিলো। বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সভা শেষে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। সোমবার বিকালে ক্যাম্পাসে শিক্ষক ছাত্র কেন্দ্রে (টিএসসি) অবস্থানরত শিক্ষকদের ওপর ছাত্রলীগ নেতাকর্মীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। এতে অন্তত ২০ শিক্ষক আহত হয়। গুরুতর আহত এক শিক্ষককে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, এ হামলার সময় ছাত্রলীগ নেতা-কর্মীরা ক্যাম্পাসে বিভিন্ন ভবনে ভাংচুর চালায়। তারা কয়েকটি মটর সাইকেল পুড়িয়ে দেয় ও দুটি গাড়ি ভাংচুর করে। ছাত্রলীগের কয়েকজন কর্মীকে শিক্ষকরা সোমবার পুলিশে দেওয়ার জের ধরে এ হামলার ঘটনা ঘটে। সন্ধ্যার পর তাদের ছেড়ে দেওয়া হয়। রোববার বিকাল ৩টার দিকে বোটানিক্যাল গার্ডেনে ছিনতাইয়ের অভিযোগে বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্র নূর মোহাম্মদ ও আরিফকে আটক করে নিরাপত্তা রক্ষীরা। পরে প্রক্টর আবু হাদী নূর আলীর নির্দেশে এ দুজনকে রাতেই সদর থানা পুলিশে সোপর্দ করা হয়। এই ঘটনায় ছাত্রলীগের একাংশের নেতা-কর্মীরা ক্ষুব্ধ হয়ে রাতে প্রক্টরের গাড়িতে হামলা চালায়। তারা শিক্ষক কোয়ার্টারে গিয়ে তাকে গালাগালি করে। এরপরই শিক্ষক সমিতি সোমবার ক্যাম্পাসে সভা, মৌন মিছিল করে। এদিকে মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত ক্যাম্পাসে ছাত্রলীগ বিশ্ববিদ্যালয় শাখার একাংশের নেতা-কর্মীদের কোনো তৎপরতা দেখা যায়নি। ক্যাম্পাসে প্রচুর পুলিশ মোতায়েন থাকতে দেখা যায়। প্রশাসনিক কাজকর্মও ঢিলেঢালাভাবে চলছে বলে প্রত্যক্ষদর্শীরা জানান। সোমবার বিকালে ছাত্রলীগ গ্রেপ্তার ও আটক কর্মী-সমর্থকদের ৭২ ঘণ্টার মধ্যে মুক্তির দাবি জানানয়। নাহলে লাগাতার ক্লাস ও পরীক্ষা বয়কটের ডাক দেওয়া হবে তারা ঘোষণা দেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এমআই/১৩১৫ ঘ.

এ সম্পর্কিত আরো খবর