২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষকদের আলাদা বেতন কাঠামো বিবেচনাধীন: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শিক্ষকদের জন্য পৃথক বেতন কাঠামো করার বিষয়টি সরকারের সক্রিয় বিবেচনায় রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2011, 10:44 AM

Updated : 24 Aug 2022, 03:41 PM

ঢাকা, অগাস্ট ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শিক্ষকদের জন্য পৃথক বেতন কাঠামো করার বিষয়টি সরকারের সক্রিয় বিবেচনায় রয়েছে। মঙ্গলবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে বৈঠকে শেখ হাসিনা এ কথা বলেন। পরে প্রধানমন্ত্রীর প্রেসসচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের বৈঠকের বিষয় তুলে ধরেন। শিক্ষা খাতে সরকারের দেওয়া সর্বাধিক গুরুত্বের বিষয়টি উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বছরের শুরুতেই ছাত্রদের বিনামূল্যে পাঠ্যবই দেওয়া হচ্ছে। তিনি বলেন, "ষড়যন্ত্র ও চক্রান্ত মোকাবেলা করেই সরকারকে এগিয়ে যেতে হচ্ছে। ষড়যন্ত্র ও চক্রান্ত করেও সরকারের সফলতাকে কেউ বিলম্বিত করতে পারছে না।" প্রধানমন্ত্রী সরকারের পাশাপাশি পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের নিজ উদ্যোগে তহবিল গড়ে তোলার আহ্বান জানান। এর আগে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান এ কে আজাদ চৌধুরীর নেতৃত্বে উপাচার্যরা প্রধানমন্ত্রীর কার্যালয়ে যান। সেখানে বৈঠকে বিশ্ববিদ্যালয়গুলোর বিভিন্ন সমস্যা তুলে ধরার পাশাপাশি সেগুলো সমাধানে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান উপাচার্যরা। প্রধানমন্ত্রী তাদের কথা মনোযোগ দিয়ে শোনেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে সমস্যা সমাধানের আশ্বাস দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/আরএ/১৬৪১ ঘ.