২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাবর্ত্য জেলায় পাসের হার কম

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় একটি পার্বত্য জেলা বাদে মহানগরীসহ সব জেলায় পাসের হার কমেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2011, 09:47 AM

Updated : 24 Aug 2022, 03:39 PM

চট্টগ্রাম, জুলাই ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় একটি পার্বত্য জেলা বাদে মহানগরীসহ সব জেলায় পাসের হার কমেছে। সার্বিক ফলাফলের ভিত্তিতে সেরা ২০ কলেজের ১৮টি নগরীর হলেও মহানগরীর পাসের হার কম। দুই পার্বত্য জেলা এবং কক্সবাজারেও পাশের হার গতবারের তুলনায় কমেছে। একইসঙ্গে কমেছে অনিয়মিত ও মানোন্নয়ন পরীক্ষার্থীদের পাসের হার। বুধবার দুপুরে চট্টগ্রাম শিক্ষা বোর্ড কার্যালয়ে ফল ঘোষণা করেন পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. পিযুষ দত্ত। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পাসের হার সামান্য কমেছে। তবে সামগ্রিক ফল নিয়ে আমরা সন্তুষ্ট। অনিয়মিত ও মানোন্নয়ন পরীক্ষার্থীদের পাসের হার কমেছে। পাশাপাশি উত্তরপত্র পরীক্ষণের ক্ষেত্রে সব শিক্ষকের দক্ষতা একরকম না হওয়ায় হয়তো পাসের হারে কিছুটা হেরফের হতে পারে।" মহানগরীতে এবার পাসের হার গতবারের তুলনায় ১ দশমিক ৬৭ শতাংশ কমেছে। গতবার পাসের হার ছিল ৮২ দশমিক ৮২ শতাংশ। এবার মহানগরীতে পাশের হার ৮১ দশমিক ১৫ শতাংশ। মহানগর বাদে চট্টগ্রাম জেলায় এবার পাসের হার ৬৪ দশমিক ৬২ শতাংশ। গতবার ছিল ৬৪ দশমিক ৯৪ শতাংশ। ফলে মহানগরসহ জেলার সার্বিক পাসের হার কমেছে ১ দশমিক ৬১ শতাংশ। পার্বত্য জেলায় পাসের হার কম চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে তিন পার্বত্য জেলার দুটিতেই এবার পাসের হার কমেছে। এ বছর পার্বত্য জেলা রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে পাস করেছে গড়ে ৫৫ দশমিক ২৭ শতাংশ শিক্ষার্থী। গতবার এ হার ছিল ৫৮ দশমিক ৫৪ শতাংশ। তিন পার্বত্য জেলার মধ্যে শুধু খাগড়াছড়ি জেলার পাসের হার বেড়েছে। গতবার এ জেলায় পাসের হার ছিল ৫৩ দশমিক ৭৬ শতাংশ। এবার পাসের হার ৫৫ দশমিক ৯৮ শতাংশ। রাঙামাটিতে পাসের হার কমেছে ১১ দশমিক ৩৭ শতাংশ। এ জেলায় গতবার পাসের হার ছিল ৬২ দশমিক ১৯ শতাংশ। এবার পাসের হার ৫০ দশমিক ৮২ শতাংশ। বান্দরবানে পাশের হার কমেছে ১ দশমিক ১৮ শতাংশ। গতবার এ জেলায় পাসের হার ৬০ দশমিক ২০ শতাংশ। এবার পাসের হার ৫৯ দশমিক ০২ শতাংশ। এছাড়া চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে কক্সবাজার জেলায়ও পাসের কমেছে। এবার এ হার ৭০ দশমিক ৫৯ শতাংশ। গতবার এ হার ছিল ৭২ দশমিক ৭৪ শতাংশ। জিপিএ বেড়েছে ১৭৭টি গতবারের তুলনায় এবার চট্টগ্রাম শিক্ষা বোর্ডে জিপিএ- ৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ১৭৭ জন বেড়েছে। গতবার ১ হাজার ৬১৮ জন জিপিএ- ৫ পেয়েছিলো। এবার পেয়েছে ১ হাজার ৭৯৫ জন। সার্বিক সেরা ১০ পাঁচ মানদণ্ডের ভিত্তিতে উচ্চ মাধ্যমিকে চট্টগ্রামে এবার সেরা ফৌজদারহাট ক্যাডেট কলেজ। পাঁচটি মানদণ্ডে এবারও সেরা কলেজ নির্ধারণ করা হয়েছে। সংশ্লিষ্ট কলেজে নিবন্ধিত শিক্ষার্থীর সংখ্যার মধ্যে নিয়মিত পরীক্ষার্থীর শতকরা হার, মোট পরীক্ষার্থীর শতকরা পাসের হার, জিপিএ ৫ প্রাপ্তির সংখ্যা এবং প্রতিষ্ঠানের পরীক্ষার্থীর মোট সংখ্যার মান মিলিয়ে সেরা নির্ধারিত হয়েছে। ফৌজদারহাট ক্যাডেট কলেজ ১০০ পয়েন্টের মধ্যে ৮৯ দশমিক ১৮ পয়েন্ট পেয়ে প্রথম হয়েছে। এ কলেজ থেকে ৫০ জন পরীক্ষার্থীর মধ্যে সবাই পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ৪৭ জন। ক্রমানুসারে শীর্ষ ১০ এর অন্য কলেজগুলো হলো- চট্টগ্রাম সরকারি কলেজ (৮৩ দশমিক ৯৭), সরকারি কমার্স কলেজ (৭৭ দশমিক ৫৫), চট্টগ্রাম পাবলিক স্কুল অ্যান্ড কলেজ (৭৫ দশমিক ০৬), সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ (৭২ দশমিক ৮০), ইস্পাহানী পাবলিক স্কুল অ্যান্ড কলেজ (৭১ দশমিক ৫৯ ), চট্টগ্রাম সরকারি মহিলা কলেজ (৬৯ দশমিক ০৭), নৌ বাহিনী কলেজ (৬৫ দশমিক ৭৬), সরকারি সিটি কলেজ (৬৫ দশমিক ৭৬), কক্সবাজার সরকারি কলেজ (৬৫ দশমিক ৭০)। জিপিএ ৫ প্রাপ্তির ভিত্তিতে শীর্ষ ১০ জিপিএ- ৫ প্রাপ্তির ভিত্তিতে এবার চট্টগ্রাম বোর্ডে প্রথম অবস্থানে রয়েছে চট্টগ্রাম সরকারি কলেজ। এ প্রতিষ্ঠান থেকে ৭৬৯ জন পরীক্ষা দিয়ে পাস করেছে ৭৫৩ জন। জিপিএ- ৫ পেয়েছে ৪০৪ জন শিক্ষার্থী। জিপিএ-৫ প্রাপ্তির ভিত্তিতে সেরা ১০ এর অন্য কলেজগুলো হলো- হাজী মুহাম্মদ মহসিন কলেজ (৩১০ জন), সরকারি কমার্স কলেজ (২১৪ জন), চট্টগ্রাম পাবলিক স্কুল অ্যান্ড কলেজ (১৫৩ জন), সরকারি সিটি কলেজ (১২৭ জন), চট্টগ্রাম সরকারি মহিলা কলেজ (৯৩ জন), ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজ (৮১ জন), ফৌজদারহাট ক্যাডেট কলেজ (৪৭ জন), কক্সবাজার সরকারি কলেজ (৪৬ জন) ও নৌ বাহিনী কলেজ (৩৯ জন)। শতভাগ পাস সাত কলেজ চট্টগ্রাম বোর্ডে সাতটি কলেজ থেকে শতভাগ শিক্ষার্থী পাস করেছে। কলেজগুলো হল- চট্টগ্রাম ইঞ্জিনিয়ারিং ইউনির্ভাসিটি স্কুল অ্যান্ড কলেজ, কক্সবাজার কমার্স কলেজ, ফৌজদারহাট ক্যাডেট কলেজ, আলহাজ্ব ইয়াকুব আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজ, কাফকো স্কুল অ্যান্ড কলেজ, পানছড়ি বাজার স্কুল অ্যান্ড কলেজ ও জে এম সেন কলেজ (নৈশ)। এবার চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে শূন্য পাসের হার বিশিষ্ট কোন শিক্ষা প্রতিষ্ঠান নেই। গতবার একটি প্রতিষ্ঠানে শূন্য পাসের হার ছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউ/সিএম/এমসি/আরএ/১৫৩০ ঘ.