ঢাকা, জুলাই ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পাওয়ার অপেক্ষায় রয়েছে প্রায় ৮ লাখ শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা। বুধবার দুপুরে একযোগে এ ফল প্রকাশ হচ্ছে।
রীতি অনুযায়ী শিক্ষামন্ত্রী সংশ্লিষ্ট শিক্ষাবোর্ড প্রধানদের নিয়ে সকালে প্রধানমন্ত্রীর কাছে ফলাফল হস্তান্তর করবেন শিক্ষামন্ত্রী। ওই সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে চাঁদপুরের ফলাফল জানিয়ে ফলাফল ঘোষণা করবেন।
বেলা সাড়ে ১২টায় বিস্তারিত ফলাফল তুলে ধরে শিক্ষা মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলন করবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
গত ৫ এপ্রিল সারাদেশে একযোগে শুরু হয় এইচএসসি ও সমমানের পরীক্ষা।
এ বছর ১০টি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমানের পরীক্ষায় মোট ৭ লাখ ৭৯ হাজার ৪৪১ জন শিক্ষার্থী অংশ নিয়েছে। গত বছর অংশ নিয়েছিলো ৭ লাখ ১৮ হাজার ৮৪ জন; পাসের হার ছিলো ৭৪ দশমিক ২৮ শতাংশ।
এবার প্রথমবারের মতো শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ই-মেইলে ফল পাঠানো হয়েছে। সেখান থেকে ডাউনলোড করে ফল প্রকাশ করবে প্রতিষ্ঠানগুলো।
দুপুর ২টার পর থেকে শিক্ষা বোর্ডের ওয়েবসাইট (www.educationboardresults.gov.bd), সংশ্লিষ্ট কলেজ এবং টেলিটক মোবাইল থেকে বোর্ডের ইংরেজি আদ্যক্ষরের প্রথম তিন অক্ষররোল নম্বর লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠিয়ে ফল জানা যাবে।
আটটি সাধারণ বোর্ডের অধীনে এইচএসসির তত্ত্বীয় পরীক্ষা গত ৫ এপ্রিল শুরু হয়ে ৩১ মে শেষ হয়। ঘোষণা অনুযায়ী পরীক্ষার ৬০ দিনের মধ্যেই ফল প্রকাশ করা হচ্ছে।
নিবন্ধিত প্রার্থীদের মধ্যে নিয়মিত পরীক্ষার্থীর শতকরা হার, শতকরা পাসের হার, মোট পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পাওয়ার হার, পরীক্ষার্থীর সংখ্যা এবং প্রতিষ্ঠানে গড় জিপিএ এই পাঁচ মানদণ্ডে এবার শীর্ষ প্রতিষ্ঠান বাছাই করা হয়েছে।
সাধারণ আটটি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসিতে অংশ নিয়েছে ৬ লাখ ২৯ হাজার ৬১৯ জন। এর মধ্যে ৩ লাখ ৩০ হাজার ১২ জন ছাত্র এবং ২ লাখ ৯৯ হাজার ৬০৭ জন ছাত্রী।
এছাড়া মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিম পরীক্ষায় অংশ নিয়েছে ৭৬ হাজার ৯৫৭ জন। এর মধ্যে ছাত্র সংখ্যা ৪৪ হাজার ৯৭৩ জন এবং ছাত্রী ৩১ হাজার ৯৮৪ জন।
কারিগরী বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নিয়েছে ৬৮ হাজার ৯৬১ জন। এর মধ্যে ৪৬ হাজার ৭৭৯ জন ছাত্র এবং ২২ হাজার ১৮২ জন ছাত্রী।
ঢাকা বোর্ডের অধীনে ডিপ্লোমা ইন বিজনেস স্টাডিজের অধীনে পরীক্ষার্থীর সংখ্যা ৩ হাজার ৯০৪ জন।
দেশের পাশাপাশি বিদেশের পাঁচটি কেন্দ্রে ১৯১ জন পরীক্ষার্থী অংশ নেয়।
ফল পুনঃনিরীক্ষণ
২৯ জুলাই থেকে ১২ আগস্ট পর্যন্ত শুধুমাত্র টেলিটকের প্রি-প্রেইড মোবাইল ফোন থেকে ফলাফল পুনঃনিরীক্ষণের আবেদন করা যাবে।
এজন্য ম্যাসেজ অপশনে গিয়ে RSCবোর্ডের নামের প্রথম তিন অক্ষররোল নম্বরবিষয় কোড লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।
ফিরতি এসএমএস-এ পিন নম্বর পাওয়ার পর ম্যাসেজ অপশনে গিয়ে RSCYESPin NumberContract Mobile No লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।
একই এসএমএস-এ একাধিক বিষয় পুনঃনিরীক্ষণের আবেদন করা যাবে। এক্ষেত্রে বিষয় কোড পর্যায়ক্রমে কমা (,) দিয়ে লিখতে হবে বলে টেলিটকের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এমআই/১০৩০ ঘ.
bdnews24