২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রোববার থেকে নিয়মিত ক্লাস: মঞ্জুআরা

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে নিয়োগ পাওয়ার পর ইতিহাসের শিক্ষক মঞ্জুআরা বেগম বলেছেন, প্রতিষ্ঠানের কল্যাণের জন্য নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2011, 01:31 PM

Updated : 24 Aug 2022, 03:33 PM

ঢাকা, জুলাই ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে নিয়োগ পাওয়ার পর ইতিহাসের শিক্ষক মঞ্জুআরা বেগম বলেছেন, প্রতিষ্ঠানের কল্যাণের জন্য নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবেন তিনি। রোববার থেকেই নিয়মিত ক্লাস শুরু হবে। এক শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণ মামলা, সাবেক অধ্যক্ষ হোসনে আরা বেগমের 'অপসারণ নাটক' এবং শিক্ষার্থী-অভিভাবকদের আন্দোলনের কারণে ঢাকার ঐহিত্যবাহী এ প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম কার্যত অচল হয়ে যাওয়ার পর শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপে ঢাকা শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ বৃহস্পতিবার বিকেলে ভারপ্রাপ্ত অধ্যক্ষের নাম ঘোষণা করে। অধ্যক্ষ হোসনে আরা বেগম তিন মাসের ছুটিতে গেছেন বলে জানিয়েছেন। ঢাকা শিক্ষা বোর্ড কার্যালয়ে চেয়ারম্যান অধ্যাপক ফাহিমা খাতুন বিকেলে সাংবাদিকদের বলেন, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ইতিহাস বিভাগের প্রধান মঞ্জুআরা বেগমকে অধ্যক্ষের চলতি দায়িত্ব দেওয়া হয়েছে। চার সদস্যের অ্যাডহক কমিটি ছয় মাসের মধ্যে স্থায়ী অধ্যক্ষ নিয়োগ দেবে। বুধবার ঢাকার জেলা প্রশাসককে প্রধান করে গঠিত অ্যাডহক কমিটির চার সদস্যের মনোনয়ন চূড়ান্ত হয়েছে বলেও ফাহিমা জানান। নিয়োগ পাওয়ার পর ঢাকা শিক্ষা বোর্ড কার্যালয়ে মঞ্জুআরা বেগম সাংবাদিকদের বলেন, "শিক্ষাবোর্ড আমাকে নিয়োগ দিয়েছে। প্রতিষ্ঠানের সার্বিক কল্যাণের কথা বিবেচনা করে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবো।" রোববার থেকে ভিকারুননিসায় নিয়মিত ক্লাস শুরু হবে জানিয়ে তিনি বলেন, "আম্বিয়া খাতুনের কাছ থেকে দায়িত্ব নিতে হচ্ছে বলে একটু খারাপও লাগছে।" ভারপ্রাপ্ত অধ্যক্ষের নাম ঘোষণার সময় ঢাকার জেলা প্রশাসক মো. মহিবুল হক, আম্বিয়া খাতুনসহ ভিকারুননিসার ৭-৮ জন শিক্ষক এবং বেশ কয়েক জন শিক্ষার্থী ঢাকা শিক্ষা বোর্ড চেয়ারম্যানের কার্যালয়ে উপস্থিত ছিলেন। আম্বিয়া খাতুন সাংবাদিকের বলেন, "আমার সহকর্মী দায়িত্ব পেয়েছেন। আমি আর এ পদে থাকছি না। আমি চলে যাচ্ছি।" বুধবার সকালে ভিকারুননিসার পরিচালনা পর্ষদের কয়েকজন সদস্য সভা করে অধ্যক্ষ হোসনে আরাকে অপসারণের কথা জানায়। ওইদিনই স্কুলের বেইলি রোডের মূল ক্যাম্পাসে অধ্যক্ষের চেয়ারে বসেন জ্যেষ্ঠ শিক্ষক আম্বিয়া খাতুন। তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায় শিক্ষক ও শিক্ষার্থীরা। তবে বুধবারই ঢাকা শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ ওই পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে চার সদস্যের অ্যাডহক কমিটি গঠন করে দেয়। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বৃহস্পতিবার জানান, হোসনে আরাকে অপসারণের সিদ্ধান্তও অবৈধ। দুপুরে বোর্ড কর্তৃপক্ষের সঙ্গে এক বৈঠকের পর আম্বিয়াও সাংবাদিকদের বলেন, তিনি আর ওই দায়িত্বে নেই। ভারপ্রাপ্ত অধ্যক্ষের নাম ঘোষণার সময় ভিকারুননিসা স্কুল অ্যান্ড কলেজের সার্বিক বিষয় খতিয়ে দেখতে সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানান আম্বিয়া। একটি মহল তাকে 'মৌলবাদী' প্রমাণে প্রচার চালিয়েছে উল্লেখ করে তিনি বলেন, "হিজাব পড়ার কারণেই আমার বিরুদ্ধে এ অভিযোগ ছড়ানো হয়েছে।" এ বিষয়ে হোসনে আরা বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এখানে ব্যক্তির স্বার্থ গৌণ, কলেজের স্বার্থই মুখ্য।" তিন মাসের ছুটির জন্য আবেদন করার কথা জানিয়ে হোসনে আরা বলেন, "আমি বোর্ডের চেয়ারম্যানকে কলেজের সামগ্রিক পরিস্থিতি সামাল দেওয়ার ব্যবস্থা নিতে অনুরোধ জানিয়েছি।" ভিকারুননিসা নূন স্কুলের বসুন্ধরা শাখার এক ছাত্রীর অভিভাবক গত ৫ জুলাই বাংলার শিক্ষক পরিমল জয়ধরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করেন। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে দেশের নামকরা এ শিক্ষা প্রতিষ্ঠান। পরিমলের ঘটনাকে পুঁজি করে একটি স্বার্থান্বেষী মহল কলেজের পরিস্থিতিকে ঘোলাটে করেছে অভিযোগ করে হোসনে আরা বলেন, "এদের চক্রান্তে প্রতিষ্ঠানটির ক্ষতি হচ্ছে। আমি অভিভাবক হিসেবে পরিস্থিতিকে স্থিতিশীল করার সুযোগ দিয়েছি। যাতে প্রতিষ্ঠানের সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনা যায় এবং কেউ যাতে এটাকে পুঁজি করে শিক্ষার পরিবেশ নষ্ট করতে না পারে।" পরিমলের শাস্তির দাবি জানিয়ে ছাত্রী-শিক্ষক-অভিভাবক সবাইকে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সহযোগিতা করার আহ্বান জানান তিনি। ভারপ্রাপ্ত অধ্যক্ষের নাম ঘোষণার পর ভিকারুননিসার শিক্ষার্থী পিংকী আনোয়ার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা তাকে স্বাগত জানাবো।" পরিমল জয়ধরকে স্কুল থেকে বরখাস্ত করা হলেও তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিলম্বের অভিযোগে হোসনে আরার অপসারণ দাবি করেন অভিভাবকদের একটি অংশ। উৎকণ্ঠা আর অনিশ্চয়তার মধ্যে গত শনিবার থেকে শিক্ষা কার্যক্রম অচল হয়ে পড়ে ভিকারুননিসায়। স্কুল ও কলেজ শাখার শিক্ষার্থীরা বৃহস্পতিবার ক্লাস বর্জন করে বিক্ষোভে নামে। পরিমল জয়ধরকে ভিকারুননিসা থেকে বরখাস্ত করার পর গত ৬ জুলাই ধর্ষণ মামলায় তাকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন। অ্যাডহক কমিটির চার সদস্য ঢাকার জেলা প্রশাসক মো. মহিবুল হককে সভাপতি করে বুধবার গঠিত অ্যাডহক কমিটির সদস্য সচিব হিসেবে থাকছেন নবনিযুক্ত অধ্যক্ষ মঞ্জুআরা বেগম। এছাড়া ভিকারুননিসার গণিত বিভাগের শিক্ষক নাসরিন আক্তারকে শিক্ষক প্রতিনিধি হিসেবে এবং কৃষি মন্ত্রণালয়ের উপ-সচিব মোশাররফ হোসেনকে অভিভাবক প্রতিনিধি হিসেবে অ্যাডহক কমিটির সদস্য করা হয়েছে। এই অ্যাডহক কমিটিই ভিকারুননিসার স্থায়ী অধ্যক্ষ নিয়োগের বিষয়ে সিদ্ধান্ত নেবে বলে ঢাকা বোর্ডের চেয়ারম্যান জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসআই/জেকে/১৯২৫ ঘ.