ঢাকা বিশ্ববিদ্যালয়, ০২ জুলাই (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিকের 'প্রাণনাশের অপচেষ্টার' প্রতিবাদ জানিয়েছে বিভিন্ন সংগঠন।
শনিবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আলাদা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশন (ডিইউএমসিজেএএ), ছাত্রলীগ ও বিশ্ববিদ্যালয় কর্মচারী সমিতি এই প্রতিবাদ জানায়।
শুক্রবার সন্ধ্যা পৌণে ৭টার দিকে প্রশাসনিক ভবনের সামনে একটি ককটেলে বিস্ফোরণ ঘটানো হয়। উপাচার্য তখন ওই জায়গা থেকে মাত্র ১০-১৫ হাত দূরে ছিলেন।
এর প্রতিবাদে ডিইউএমসিজেএএ বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার সামনে মানববন্ধন করে। এ সময় বক্তারা উপাচার্যের ওপর হামলার নিন্দা ও প্রতিবাদ জানান এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে এর বিচার দাবি করেন।
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক এ জেড এম শফিউল আলম ভূঁইয়া বলেন, "জঙ্গীবাদবিরোধী ও মুক্তচিন্তার পক্ষে অবস্থান নেওয়ার কারণে এর আগেও উপাচার্যের ওপর হামলার হুমকি দেওয়া হয়েছিল। এবার তার কার্যকারিতা আমরা দেখতে পেয়েছি। এ ধরনের হামলা গণতন্ত্র ও মুক্তচিন্তার ওপর হামলা।"
মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক শেখ আবদুস সালাম, বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মফিজুর রহমান ও আবুল মনসুর আহাম্মদ।
ঢাবি সাংবাদিক সমিতির পক্ষ থেকেও মানববন্ধনে সংহতি প্রকাশ করা হয়। পরে একটি প্রতিবাদী মৌন মিছিল কলাভবন প্রদক্ষিণ করে।
একই দাবিতে বিক্ষোভ মিছিল করে ঢাবি শাখা ছাত্রলীগ ও বিশ্ববিদ্যালয় কর্মচারী সমিতি। ছাত্রলীগের বিক্ষোভ মিছিলটি মধুর কেন্টিন থেকে শুরু হয়ে অপরাজেয় বাংলায় শেষ হয়। আর কর্মচারী সমিতি বিক্ষোভ মিছিল করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন এলাকায়।
এদিকে উপাচার্যের দিকে ককটেল ছোড়ার অভিযোগ ছাত্রদলের সাবেক সভাপতি আজিজুল বারী হেলালসহ পাঁচজনের নাম উল্লেখ করে শাহবাগ থানায় একটি মামলা করেছে পুলিশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/জেকে/০২২৭ ঘ.
bdnews24