২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এসএসসি: চট্টগ্রাম বোর্ডে ১০৫ জনের ফল পরিবর্তন

খাতা পুনর্নিরীক্ষণের পর চট্টগ্রাম শিক্ষা বোর্ড থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া ১০৫ জনের ফল পরিবর্তন হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2011, 02:06 PM

Updated : 24 Aug 2022, 03:17 PM

চট্টগ্রাম, জুন ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খাতা পুনর্নিরীক্ষণের পর চট্টগ্রাম শিক্ষা বোর্ড থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া ১০৫ জনের ফল পরিবর্তন হয়েছে। এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের এক মাসের মাথায় চট্টগ্রাম শিক্ষাবোর্ড কর্তৃপক্ষ রোববার খাতা পুনর্নিরীক্ষণের এই ফল প্রকাশ করে। এতে অকৃতকার্য থেকে কৃতকার্য হয়েছে ৫৮ জন। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. পীযূষ দত্ত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পরিবর্তিত ফল বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।" তিনি জানান, খাতা পুনর্নিরীক্ষার পর ৫৮ জন কৃতকার্য হওয়া ছাড়াও জিপিএ পরিবর্তন হয়েছে ৪৭ জনের। এর মধ্যে ১০ জন নতুন করে জিপিএ ৫ পেয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্রাম বোর্ডে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা বেড়ে ৪ হাজার ৮২৯ জন হলো। গত ১২ মে এসএসসির ফল প্রকাশের পর ২১ মে পর্যন্ত খাতা পুনর্নিরীক্ষার আবেদন নেয় বোর্ড কর্তৃপক্ষ। পুনর্নিরীক্ষণের জন্য আট হাজার ৪০০ আবেদন জমা পড়ে এ বোর্ডে। যাচাই বাছাই শেষে ১০৫ জনের ফল পরিবর্তন হয় বলে পীযূষ দত্ত জানান। চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এবার ৯২১টি বিদ্যালয় থেকে ৭৭ হাজার ৩২৫ জন শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেয়। ১২ মে ঘোষিত ফল অনুযায়ী, পাশের হার ছিল ৭৮ দশমিক ২৭ শতাংশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমসি/জেকে/১৯৫৮ ঘ.