ঢাকা, জুন ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একাদশ শ্রেণীতে ভর্তির আগে প্রতিষ্ঠানের বৈধতা যাচাই করে দেখার পরামর্শ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বুধবার বলা হয়েছে, কেবল নির্দিষ্ট কোডধারী ও পাঠদানের অনুমতিপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হওয়া যাবে। এ ব্যাপারে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইট, টেলিফোনে বা সরাসরি যোগাযোগের মাধ্যমে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা যাবে।
ঢাকা শিক্ষা বোর্ডের অধীন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ২০১১-১২ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তির তথ্য dhakaeducationboard.gov.bd ওয়েবসাইটের পাশাপাশি ৮৬২৫৭৩৪ ও ৮৬২৫৭৪১ টেলিফোন নম্বরে পাওয়া যাবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
ঢাকার কিছু নামসর্বস্ব শিক্ষা প্রতিষ্ঠান পত্রিকাসহ বিভিন্ন প্রচার মাধ্যমে চটকদার বিজ্ঞাপন দিয়ে শিক্ষার্থীদের ভর্তির জন্য প্রলুব্ধ করছে উল্লেখ করে বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বিষয়টি মন্ত্রণালয়ের নজরে এসেছে। এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এএল/পিডি/১৮২৫ ঘ.
bdnews24