চট্টগ্রাম, জুন ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পথ ভুলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একটি ছাত্র হলে আটকা পড়েছে একটি হরিণ। এটি আবার বনে ছেড়ে দেওয়ার প্রক্রিয়া চলছে।
পাহাড়বেষ্টিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাহ আমানত হলের পেছনের ফটকে আটকে থাকা অবস্থায় বুধবার ভোরে হরিণটিকে পাওয়া যায় বলে হলের প্রাধ্যক্ষ অধ্যাপক কলিম উদ্দিন ভূঁইয়া জানিয়েছেন।
হরিণটি বর্তমানে বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের হেফাজতে রয়েছে।
অধ্যাপক কলিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হরিণটি হলের পেছনের পাহাড় থেকে ঘাস খেতে এসে কোন দিকে যাবে বুঝতে না পেরে গ্রিলে আটকা পড়ে।
আটকেপড়া অবস্থা থেকে মুক্ত করার সময় হরিণটি শরীরের বিভিন্ন অংশ জখম হয়। এ জন্য হাটহাজারী পশু হাসপাতালে এটিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
কলিম উদ্দিন জানান, প্রাণীবিদ্যা বিভাগের চতুর্থ তলায় একটি খাঁচায় হরিণটি রাখা হয়েছে। সুস্থ হলে এটিকে আবারো বনে ছেড়ে দেওয়া হবে।
প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক ফরিদ আহসান বিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হরিণটি এখন সুস্থ আছে। তবে পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত এটিকে পর্যবেক্ষণে রাখা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমসি/এমআই/১২৪৫ ঘ.
bdnews24