ঢাকা, জুন ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফলাফলের ভিত্তিতে বৃত্তির নীতিমালা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়।
মেধা তালিকা ও সাধারণ এ দুই শ্রেণী মিলিয়ে ২০১০ সালের জেএসসি পরীক্ষার্থীদের মধ্যে ৩০ হাজার ৮০০ জন বৃত্তি পাবে। জেডিসিতে দুই শ্রেণী মিলিয়ে এ সংখ্যা ৬ হাজার।
বৃত্তি পেতে হলে পড়াশোনা অব্যাহত রাখতে হবে। মেধাবৃত্তিপ্রাপ্তরা নবম ও দশম শ্রেণীতে পড়াশোনাকালীন প্রতিমাসে ৩০০ টাকা করে পাবে। এর সঙ্গে বছরে এককালীন পাবে ৩৭৫ টাকা।
সাধারণ বৃত্তিপ্রাপ্তরা প্রতিমাসে পাবে ২০০ টাকা করে, বার্ষিক এককালীন পাবে ২২০ টাকা।
বৃত্তিপ্রাপ্ত সবাই পরবর্তী দুই বছর বিনা বেতনে পড়াশোনার সুযোগ পাবে। তাদের কাছে অনুদান পাওয়া শিক্ষা প্রতিষ্ঠান বেতন চাইলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
মঙ্গলবার মন্ত্রণালয়ের উপসচিব (মাধ্যমিক) সহিদুল ইসলামের স্বাক্ষরে নীতিমালার প্রজ্ঞাপন জারি করা হয়।
২০১০ সালে প্রথম জেএসসি ও জেডিসি পরীক্ষা চালু হয়। এর আগ পর্যন্ত অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য বার্ষিক পরীক্ষার অতিরিক্ত জুনিয়র বৃত্তি পরীক্ষা হতো। আর মাদ্রাসা শিক্ষা বোর্ডে শিক্ষার্থীদের জন্য বৃত্তির প্রচলন ছিলো না।
প্রজ্ঞাপনে বলা হয়, জেএসসি-জেডিসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে সরকার নির্ধারিত বৃত্তির সংখ্যা অনুসারে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড মেধা ও সাধারণ বৃত্তিপ্রাপ্তদের তালিকা প্রকাশ করবে।
পরীক্ষার ফলাফলের ওপর ভিত্তি করে সরকার কর্তৃক নির্ধারিত মেধাবৃত্তি ও সাধারণ বৃত্তির সংখ্যা পরীক্ষায় অংশগ্রহণকারীদের অনুপাতে উপজেলা বা থানাওয়ারী বণ্টন হবে।
বৃত্তি দেওয়া হবে জিপিএ'র ভিত্তিতে। মেধাবৃত্তির যোগ্যতা ন্যূনতম জিপিএ ৩.০০ এবং সাধারণ বৃত্তির যোগ্যতা ন্যূনতম জিপিএ ২.০০। একাধিক ছাত্র/ছাত্রী একই গ্রেড পেলে বাংলা, ইংরেজি ও গণিতের নম্বরের ভিত্তিতে তালিকা প্রণয়ন করা হবে। যদি তিনটি বিষয়ে একই নম্বরপ্রাপ্ত একাধিক ছাত্র/ছাত্রী হয় তাহলে যে ছাত্র/ছাত্রী বয়সে জ্যেষ্ঠ তাকে তালিকাভুক্ত করা হবে।
উভয় প্রকার (মেধা/সাধারণ) বৃত্তির ক্ষেত্রে থানা/উপজেলার সর্বোচ্চ নম্বরধারী ছাত্র/ছাত্রীদের মেধার ক্রমানুসারে সমান হারে তালিকা প্রকাশ করা হবে। বিজোড় সংখ্যক বৃত্তি প্রদানের ক্ষেত্রে সর্বশেষটি ছাত্র/ছাত্রী বিবেচনা না করে অধিক নম্বরধারীকে নির্বাচন করতে হবে।
মেধা কোটায় বৃত্তিপ্রাপ্ত ছাত্র/ছাত্রীদের অনুপাত যাই হোক না কেন, মেধা ও সাধারণ উভয় কোটা মিলিয়ে সার্বিকভাবে ছাত্র/ছাত্রীরা সমানুপাতিক হারে (৫০:৫০) বৃত্তি পাবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এমআই/১৩২০ ঘ.
bdnews24