কুড়িগ্রাম, মে ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রংপুরে এইচএসসির উত্তরপত্র জালিয়াতির ঘটনার পর কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে এক প্রভাষকের বাসা থেকে আরো ২৬১টি উত্তরপত্র উদ্ধার করেছে পুলিশ।
বুধবার উত্তরপত্র জালিয়াতির অভিযোগে রংপুরের গঙ্গাচড়ার বিভিন্ন স্থান থেকে ৮৮টি খাতাসহ সাত জনকে আটক করা হয়। এদের মধ্যে দুইজন প্রভাষক।
ভুরুঙ্গামারী থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "গ্রেপ্তার হওয়া এক প্রভাষকের স্বীকারোক্তি অনুযায়ী বৃহস্পতিবার রাতে সুবল চন্দ্র রায়ের বাসায় অভিযান চালানো হয়। বাসায় কেউ না থাকায় তালা ভেঙে ঢুকে সেখানে ২৬১টি উত্তরপত্র (ক্রমিক নম্বর ২০১ থেকে ৪৫১) পাওয়া যায়।"
দিনাজপুর শিক্ষা বোর্ডের উপসচিব আবু হেনা মোস্তফা কামাল, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক খ ম রফিকুল ইসলাম, সহকারী সচিব ইব্রাহিম আজাদ, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক রফিকুল ইসলাম, সোনাহাট ডিগ্রি কলেজের অধ্যক্ষ বাবুল আক্তার, ভুরুঙ্গামারী ডিগ্রী কলেজের অধ্যক্ষ মুকুল চৌধুরী এ সময় উপস্থিত ছিলেন।
উপসচিব আবু হেনা মোস্তফা কামাল জানান, ইংরেজি দ্বিতীয়পত্রের ৪৫১টি উত্তরপত্র দেখার জন্য সোনাহাট ডিগ্রি কলেজের ওই শিক্ষককে দেওয়া হয়েছিলো। এর মধ্যে একশটি উত্তরপত্র তিনি জমা দিয়েছেন।
গঙ্গাচড়ায় উদ্ধার হওয়া ৮৮টি উত্তরপত্রও শিক্ষক সুবলের দেখার কথা ছিলো বলে জানান তিনি।
মোস্তফা কামাল বলেন, "এ হিসাবে ওই বাসায় ২৬৩ টি উত্তরপত্র থাকার কথা থাকলেও পাওয়া গেছে ২৬১টি। বাকি দুটির খোঁজ পাওয়া যাচ্ছে না।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/জেকে/২০২৩ ঘ.
bdnews24