২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটের সেরা ফল: বেড়েছে পাস ও জিপিএ-৫

সিলেট শিক্ষা বোর্ডে এসএস সি পরীক্ষায় উত্তীর্ণ ও জিপিএ-৫ প্রাপ্তির হার দুটোই বেড়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2011, 03:50 PM

Updated : 24 Aug 2022, 03:03 PM

সিলেট, মে ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেট শিক্ষা বোর্ডে এসএস সি পরীক্ষায় উত্তীর্ণ ও জিপিএ-৫ প্রাপ্তির হার দুটোই বেড়েছে। গত বছর উত্তীর্ণের হার ছিলো ৭৮ দশমিক ৪২। এবার তা বেড়ে দাঁড়িয়েছে ৮১ দশমিক ২৩। সিলেট শিক্ষাবোর্ড প্রতিষ্ঠার পর এটিই সেরা ফল। এবার জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ১৪৮ শিক্ষার্থী। গত বছরের চেয়ে এবার জিপিএ-৫ বেড়েছে ১৭১টি। এবারের এসএস সি পরীক্ষায় সিলেট শিক্ষাবোর্ডে মানবিক, বিজ্ঞান ও বাণিজ্য বিভাগে মোট ৪৮ হাজার ৪৭৮ জন শিক্ষার্থী অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে ৩৯ হাজার ৩৭৮ জন। বৃহস্পতিবার দুপুরে শিক্ষা বোর্ডের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. মনির উদ্দিন আনুষ্ঠানিক ফল প্রকাশ করেন। এসময় উপস্থিত ছিলেন সিলেট শিক্ষা বোর্ডের সচিব অজয় কুমার দাস। উপ-পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর কামাল আহমদ ও বিদ্যালয় পরিদর্শক আব্দুল মান্নান খান। সিলেট শিক্ষা বোর্ডে ব্লু-বার্ড হাইস্কুল থেকে সবচেয়ে বেশি ১৫৯ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এছাড়া সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় থেকে ১১৬ জন, এবং সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়েছে ৯৪ শিক্ষার্থী। বোর্ডে ৭২৭টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ৪২টি প্রতিষ্ঠান শতভাগ উত্তীর্ণের কৃতিত্ব অর্জন করেছে। কেউ উত্তীর্ণ হতে পারেনি এমন শিক্ষা প্রতিষ্ঠান এ বোর্ডে নেই। এবারের পরীক্ষায় সিলেট বোর্ডে মেয়েদের চেয়ে ছেলেরা এগিয়ে রয়েছে। এবার ২১ হাজার ৯২৭ জন ছেলে পরীক্ষার্থী অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে ১৮ হাজার ৫৮৩ জন। ছেলেদের উত্তীর্ণের হার ৮৪ দশমিক ৭৫। পরীক্ষায় ২৬ হাজার ৫১৫ মেয়ে পরীক্ষার্থী অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে ২০ হাজার ৭৯৫ জন। মেয়েদের উত্তীর্ণের হার ৭৮ দশমিক ৩২। এ বোর্ডে এ বছর বিজ্ঞান বিভাগ থেকে ৮ হাজার ৭৯৪ জন পরিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৭ হাজার ৮৬৩ জন। বিজ্ঞান বিভাগে উত্তীর্ণের হার ৮৯ দশমিক ৪১। মানবিক বিভাগ থেকে ৩৫ হাজার ৫৮৪ জন পরিক্ষার্থী অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে ২৭ হাজার ৮৩৭ জন। উত্তীর্ণের হার ৭৮ দশমিক ২৩। এছাড়া বাণিজ্য বিভাগ থেকে ৪ হাজার ১০০ জন পরিক্ষার্থী অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে ৩ হাজার ৬৭৮ জন। এ বিভাগে উত্তীর্ণের হার ৮৯ দশমিক ৭১। এবার সিলেট শিক্ষা বোর্ড থেকে ২ হাজার ১৪৮ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এর মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে ১ হাজার ৯১১ জন, মানবিক বিভাগ থেকে ৯৮ জন ও বাণিজ্যে ১৩৯ জন। জিপিএ-৫ প্রাপ্তদের মধ্যে ১ হাজার ২৪০ জন ছেলে এবং ৯০৮ জন মেয়ে শিক্ষার্থী রয়েছে। ফলাফল সম্পর্কে প্রতিক্রিয়ায় সিলেট শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. মনির উদ্দীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ফলাফল সন্তোষজনক হয়েছে। বোর্ডে এবার পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা বেড়েছে। এ ফলাফলই সিলেট শিক্ষাবোর্ডের ইতিহাসের সর্বোচ্চ ভালো ফলাফল। জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা বৃদ্ধি পাওয়ায় এ অঞ্চলে শিক্ষার গুণগত মান বৃদ্ধি পাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। বোর্ডের সেরা ২০ স্কুল উত্তীর্ণের হার ও জিপিএ-৫ প্রাপ্তির দিক থেকে সিলেট শিক্ষা বোর্ডের সেরা ২০টি স্কুল হচ্ছে- সিলেট ক্যাডেট কলেজ, ব্লু-বার্ড উচ্চ বিদ্যালয়, সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, জালালাবাদ পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, মৌলভীবাজারের দি ফ্লাওয়ার এস কে জি উচ্চ বিদ্যালয়, সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয়, হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়, জালালাবাদ ক্যান্টনমেন্ট বোর্ড স্কুল, মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলের দি-বার্ড রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ, সুনামগঞ্জের সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়, সিলেটের বোর্ডার গার্ড পাবলিক স্কুল, হবিগঞ্জের বি কে জি সি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, সিলেটের শাহজালাল জামেয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয়, শ্রীমঙ্গলের বিটিআরআই উচ্চ বিদ্যালয়, সিলেটের স্কলার্স হোম, মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়, মৌলভীবাজারের আলী আমজদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, সুনামগঞ্জের সরকারি এসসি বালিকা উচ্চ বিদ্যালয়, ছাতক সিমেন্ট ফ্যাক্টরি উচ্চ বিদ্যালয়, সিলেটের ফেঞ্চুগঞ্জ সারকারখানা উচ্চ বিদ্যালয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/২১৪০ ঘ.