২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রেজোয়ানের লাশ তুলে ময়নাতদন্তের নির্দেশ

বাস কর্মচারীদের সঙ্গে সংঘর্ষে নিহত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মো. রেজোয়ানের লাশ কবর থেকে তুলে ময়নাতদন্তের নির্দেশ দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2011, 02:41 PM

Updated : 24 Aug 2022, 02:39 PM

ঢাকা, মার্চ ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাস কর্মচারীদের সঙ্গে সংঘর্ষে নিহত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মো. রেজোয়ানের লাশ কবর থেকে তুলে ময়নাতদন্তের নির্দেশ দিয়েছে আদালত। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ রেজোয়ানের পরিবারকে সহায়তা হিসেবে দুই লাখ টাকা দিয়েছে। গত শনিবার মতিঝিলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সঙ্গে বাস কর্মচারীদের সংঘর্ষে আরবি বিভাগের মাস্টার্সের ছাত্র মো. রেজোয়ান (২৫) গুরুতর আহত হন। ওই রাতেই ধানমন্ডির আনোয়ার খান মডার্ন হাসপাতালে মারা যান তিনি। এ ঘটনায় দায়ের করা মামলার তদন্ত কর্মকর্তা মতিঝিল থানার উপপরিদর্শক (এসআই) সমীর চন্দ্র সূত্রধর গত মঙ্গলবার কবর থেকে রেজোয়ানের লাশ তুলে ময়নাতদন্তের আদেশ চেয়ে আদালতে আবেদন করেন। আবেদনে এসআই সমীর বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের ছাত্র রেজোয়ানের লাশ ময়না তদন্ত ছাড়াই ঝালকাঠিতে তার গ্রামের বাড়িতে কবর দেওয়া হয়েছে। বিভ্রান্তি এড়াতে এবং সুষ্ঠু তদন্তের স্বার্থে তার লাশের ময়নাতদন্ত প্রয়োজন। তার ওই আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার ঢাকার মুখ্য মহানগর হাকিম একেএম এনামুল হক একজন নির্বাহী হাকিমের উপস্থিতিতে লাশ তোলার অনুমতি দেন। দুই লাখ টাকা সহায়তা বাস শ্রমিকদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় নিহত আরবি বিভাগের ছাত্র মো. রেজোয়ানের পরিবারকে সহায়তা হিসেবে দুই লাখ টাকা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বুধবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক রেজোয়ানের বাবা মো. আলাউদ্দিনের কাছে চেক হস্তান্তর করেন। কলা অনুষদের ডিন অধ্যাপক ড. সদরুল আমিন, আরবি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আবু সাঈদ মো. আবদুল্লাহ, প্রক্টর অধ্যাপক ড. কে এম সাইফুল ইসলাম খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত হিসাব পরিচালক মো. আশরাফ উদ্দিন, নিহতের ছোট ভাই মো. রিয়াজ মাহমুদ ও মামা মো. আবুল বাশার এ সময় উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/আরএম/জেকে/২০৩১ ঘ.