ঢাকা বিশ্ববিদ্যালয়, ফেব্রুয়ারি ২৫(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ডিবেটিং সোসাইটির সভাপতি ও সাধারণ সম্পাদককে মারধরের ঘটনায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের বিতর্ক ও নাট্য বিষয়ক সম্পাদক সৈয়দ আশিক এবং সূর্যসেন হলের ছাত্রলীগ কর্মী শাহেদুল ইসলাম সিজানকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
সৈয়দ আশিক বিশ্ববিদ্যালয়ের তথ্য বিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের মাস্টার্স এবং শাহেদুল ইসলাম সিজান ব্যবস্থাপনা বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কে এম সাইফুল ইসলাম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার রাতে কর্তৃপক্ষ বহিষ্কারের এই সিদ্ধান্ত নেয়।
তিনি বলেন, "তাদেরকে সাময়িক বহিষ্কারের পাশাপাশি 'কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না' এই মর্মে কারণ দর্শাও নোটিশ দেওয়া হয়েছে।"
ঢাবি সূর্যসেন হলের অর্ধশতাধিক ছাত্রলীগ কর্মী বৃহস্পতিবার বিকেলে ডিইউডিএস কার্যালয়ে সংগঠনের সভাপতি শাহাদাত হোসেন রণি ও সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম শোভনকে মারধর করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/২২১৩ ঘ.
bdnews24